বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রী সভায় নেত্রকোনা জেলা থেকে একমাত্র সাংসদ হিসেবে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। তাকে ভূমি প্রতিমন্ত্রী দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত সরকারের মন্ত্রী সভায় শপথ গ্রহণ করেন তিনি। এর আগে নেত্রকোনা-১ (সদর-দুর্গাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল।
এদিকে, তিনি মন্ত্রিসভায় জায়গা পাওয়ায় জেলার বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিভিন্ন স্থানে বিতরণ করা হয়েছে মিষ্টি।
জানা গেছে, কায়সার কামালের বাবা প্রয়াত মোস্তফা কামাল মনছুর নেত্রকোনার কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় এক চেয়ারম্যান ছিলেন। তার দাদা ও নানাও জনপ্রতিনিধি ছিলেন বলে জানা গেছে।
কায়সার কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য লন্ডনে চলে যান। সেখানে তিনি ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন। ১৯৮৮ সালে ছাত্ররাজনীতিতে তার পদার্পণ। ১৯৯৬ সালে কেন্দ্রীয় ছাত্রদলের নির্বাহী সদস্যপদ লাভ করেন। একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হন।
পরবর্তীতে ২০০৯ সালে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্যপদ লাভ করেন। ২০১৬ সাল থেকে কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন কায়সার কামাল।
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নেত্রকোনা-১ অংশ নেন ব্যারিস্টার কায়সার কামাল। নির্বাচনে ৭০ হাজার ৮৫৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ৫৮ হাজার ৩৪৩ ভোট।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর গণমাধ্যমকে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দল আমাকে যেভাবে মূল্যায়ন করেছে, এর প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চাই। আমি জনগণের জন্য রাজনীতি করি। জাতি, বর্ণ ও ধর্ম–নির্বিশেষে দুর্গাপুর ও কলমাকান্দার জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। তাদের কাছে দেওয়া ওয়াদা যেন আমি রক্ষা করতে পারি, আমার জন্য সে প্রার্থনা করবেন।
এফআর