কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামী হাবিবুর রহমান ভূঁইয়া হাবিবের মরদেহ দেখে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্ত্রী আয়েশা বেগম।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈগ্রামে এ ঘটনা ঘটে।
মৃত হাবিবের ছোট ভাই আব্দুল হালিম জানান, তার ভাই হাবিবুর রহমান ভূঁইয়া হাবিব (৭০) একই ইউনিয়নের কলাবাগান বাজারের বিসিআইসির সারের ডিলার। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে হৃদক্রিয়ায় আক্রান্ত হলে তাকে কুমিল্লা শহরে একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এদিন ভোররাতে লাশ বাড়িতে নিয়ে আসার পর আমার ভাইয়ের স্ত্রী আয়েশা বেগম (৬০) স্বামীর লাশের চেহারা দেখে অজ্ঞান হয়ে যান। পরে আয়েশা বেগমকে একই হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এদিকে, স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাবিব-আয়েশা দম্পতির সংসারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
আব্দুল হালিম জানান, আজ (বুধবার) রাত আটটায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরে তাদের দাফন করা হয়েছে।
এফআর