দুই লাখ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় এবার ১ লাখ ৭২ হাজার ৬৫০ হেক্টর জমিতে ইরি ও বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা

2026-02-20T11:43:24+00:00
2026-02-20T12:11:12+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
৭০ শতাংশ রোপণ সম্পন্ন
দুই লাখ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৩ এএম  আপডেট: ২০.০২.২০২৬ ১২:১১ পিএম
দুই লাখ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা
দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় এবার ১ লাখ ৭২ হাজার ৬৫০ হেক্টর জমিতে ইরি ও বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যে এখন ইরি-বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ইতোমধ্যে ৭০ শতাংশ জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে। অনুকূল আবহাওয়া, নিরবচ্ছিন্ন সেচ সুবিধা ও পর্যাপ্ত সার-উপকরণ সরবরাহ থাকায় নির্ধারিত সময়ের মধ্যেই রোপণ কাজ শেষ হবে।

তবে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। জেলার ১৩টি উপজেলায় ১ লাখ ৭২ হাজার ৬৫০ হেক্টর জমিতে ইরি বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানায় দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার ১৩টি উপজেলায় এবার ইরি ও বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৫০ হেক্টর জমিতে। গেল বছর বোরো মৌসুমে জেলায় ১ লাখ ৭৪ হাজার ২৭৫ হেক্টর জমিতে ইরি ও বোরো ধান চাষ করা হয়েছিল। উৎপাদন হয়েছিল ৮ লাখ ৩৫ হাজার মেট্রিক টন চাল। অনুকূল আবহাওয়া এবং প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ ও সেচ কাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা থাকায় কৃষকেরা শান্তিপূর্ণভাবে যথাসময়ে ইরি ও বোরো চারা রোপণ করছেন। এবারে জেলায় ইরি ও বোরো ধান চাষের যোগ্য মাঠের জমি শতভাগ বিদ্যুৎ সরবরাহে সেচযন্ত্রের আওতায় নিয়ে আসা হয়েছে বলছে কৃষি অফিস।

কৃষি অফিস আরও জানায়, ইরি ও বোরো ধানের মধ্যে কৃষি বিভাগের নতুন উদ্ভাবন করা ভ্যারাইটি হাইব্রিড ও উফসী জাতের ধান এবারে বেশি আবাদ করা হচ্ছে। এছাড়া নতুন ভ্যারাইটি হিরা-১, হিরা-২, সোনার বাংলা, বি-ধান ২৮, ব্রি-২৯, ব্রি-৮১. ব্রি-৭৪, ব্রি-৮৯, ব্রি-৯০ ও ব্রি-১০২ সহ স্থানীয় জাতের কিছু ধান চাষ বেশি হচ্ছে। এছাড়াও কৃষকদের সব ধরনের কৃষি উপকরণ সরবরাহ সহজ করা হয়েছে এবার। লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান চাষের প্রয়োজনীয় রাসায়নিক সার, কীটনাশকসহ অন্যান্য উপকরণ সহজে সরবরাহ করা হচ্ছে। সঠিক মূল্যে যাতে কৃষকেরা তাদের চাহিদামতো সার ক্রয় করতে পারে, সে বিষয়টি কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং ও নজরদারিতে রাখা হয়েছে।


দিনাজপুর সদর উপজেলার রায়পুর এলাকার কৃষক অশ্বিনী রায়, কালিকাপুর গ্রামের সিরাজুল ইসলাম, বিরল উপজেলার তরুণ কৃষক মুরসালিন আহমেদ, সুবল রায়সহ বিভিন্ন উপজেলার কৃষকেরা জানান, সারি সারি করে ধানেরচারা রোপণ করার ফলে পরিচর্যায় স্বস্তি মেলে। এছাড়া ক্ষেতে রোগ-বালাই কম হওয়ায় অন্যান্য ফসল থেকে শতকরা ২০ ভাগ উৎপাদন বেশি হবে। এছাড়াও বীজ, সার সবকিছুর দাম বেশি। সার ও বীজের দাম সহনীয় হলে ধান চাষ করে আরও লাভবান হতে পারি।

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন জানান, এবার শীতে বীজতলার তেমন ক্ষতি না হওয়ায় কৃষকেরা বেশ স্বস্তিতে রয়েছে। এখন পর্যন্ত লক্ষ্যমাত্রা অনুযায়ী ৭০ ভাগ বোরো ধানের চারা রোপণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই বোরো ধানের চারা রোপণ কার্যক্রম শেষ হবে বলে আশাবাদী তিনি। চলতি মৌসুমে উচ্চ ফলনশীল জাতের বোরো ধান চাষ বেশি হওয়ায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বাম্পার ফলনের আশা করা হচ্ছে। উৎপাদিত ফসল থেকে গতবারের তুলনায় আরও অধিক ফলন পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   চারা রোপণ  ইরি ও বোরো  ধান চাষ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: