আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কার্যক্রমে জটিলতার কারণে জাতীয় অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে, তা নিরসনে সরকার উদ্যোগ নিয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে পোর্ট ইউজারস ফোরামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বৈঠকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার শফিউদ্দিনসহ বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডার ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বন্দরের কার্যক্রমে সমন্বয়হীনতার কারণে পণ্যের খরচ বাড়ছে, যার প্রভাব শিল্প উৎপাদন ও বাজারদরে পড়ছে। এসব সমস্যা সমাধান করা গেলে পণ্য খালাসে গতি আসবে এবং অতিরিক্ত ব্যয় কমবে।
তিনি আরও জানান, বৈঠকে বিভিন্ন সমস্যা ও ব্যয় বৃদ্ধির কারণ চিহ্নিত করা হয়েছে। কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সমাধানে একমত হওয়া গেছে এবং কিছু সিদ্ধান্ত দ্রুত নেওয়া সম্ভব হয়েছে। তবে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি বিষয় চূড়ান্ত করতে আরও সময় লাগবে।
মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরকে ঘিরে বিভিন্ন স্টেকহোল্ডার নিজেদের মতো করে কার্যক্রম পরিচালনা করায় দায়-দায়িত্ব স্পষ্ট নয় এবং একটি বিচ্ছিন্ন পরিবেশ তৈরি হয়েছে। আমদানি পণ্য খালাসে বিলম্ব, অতিরিক্ত চার্জ ও প্রক্রিয়াগত জটিলতার কারণে ব্যয় বাড়ছে, যা শেষ পর্যন্ত বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধিতে প্রতিফলিত হচ্ছে।
রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দ্রুত খালাস নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সময়মতো সরবরাহ নিশ্চিত করা গেলে অতিরিক্ত ব্যয় কমবে এবং বাজারে মূল্যচাপ কিছুটা হ্রাস পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সময়ের আলো/আরবিএন