ভোলার চরফ্যাশনে বিএনপির নাম ভাঙিয়ে দখল করা একটি দোকান উদ্ধার করে মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার জাহানপুর ইউনিয়নের তুলাতুলি বাজারের ব্যবসা প্রতিষ্ঠানটি মালিক মাহে আলমকে বুঝিয়ে দেয় বিএনপির স্থানীয়রা নেতাকর্মীরা।
চরফ্যাশন উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কয়েকজন দোকানটি দখল করেছিল। বিষয়টি মাহে আলম ভোলা-৪ আসনের (চরফ্যাশন-মনপুরা) সংসদ সদস্য ও যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে অবহিত করেন। আমরা এমপির নির্দেশে দোকানটি দখলমুক্ত করে মালিককে বুঝিয়ে দিয়েছি।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, মাহে আলম কয়েক বছর ধরে ওই জায়গায় ব্যবসা করে আসছিলেন। কিন্তু নির্বাচনের আগে তাকে ‘আওয়ামী লীগ ট্যাগ’ দিয়ে কিছু লোক দোকানটি দখল করে নেয়। পরে শুক্রবার রাতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দোকানটির তালা ভেঙে মালিককে বুঝিয়ে দেন।
দোকান ফিরে পেয়ে সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়ে ব্যবসায়ী মাহে আলম বলেন, বিএনপির নাম ভাঙিয়ে আমার কাছে চাঁদা দাবি করেছিল স্থানীয় রুবেল পাটোয়ারী ও হান্নান। চাঁদা না দেওয়ায় তারা ২০ থেকে ২৫ জন এসে দোকানে তালা মেরে দেয়। বিষয়টি আমি স্থানীয় সংসদ সদস্যকে জানাই। তিনি দোকান দখলমুক্ত করে দিয়েছেন। এতে আমি খুশি।
সময়ের আলো/আআ