নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আবদুল আহাদ (২০) নামের এক অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের সময় নিহতের মুখমণ্ডল কসটেপ দিয়ে প্যাঁচানো ছিল।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মুন্সী বাড়ি ব্রিজ সংলগ্ন ধানখেত থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। তবে এ সময় তার ব্যবহৃত অটোরিকশাটি পাওয়া যায়নি।
নিহত আহাদ কুতুবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুবপুর ৩নং ওয়ার্ডের জিলানী নামে এক ব্যক্তির গ্যারেজ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত আহাদ। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে অটোরিকশার মালিক ফোনে আহাদের নানার বাড়িতে জানান সে রিকশা নিয়ে গ্যারেজে এখনও ফেরেনি। এরপর থেকে অটোরিকশাসহ নিখোঁজ ছিল আহাদ।
রোববার বিকেলে জমির মালিক ধানখেতে পানি দিতে গিয়ে মুখে কসটেপ মোড়ানো অবস্থায় আহাদের মৃতদেহ পড়ে আছে। তিনি বিষয়টি স্থানীয়দের জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
এফআর