নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারি ধরতে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এতে দুইজন উপ-পরিদর্শক (এসআই) ও এক সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) ডিবি পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। খবর পেয়ে কলমাকান্দা থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। সেই সঙ্গে হামলাকারী ১৫ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রংছাতি ইউনিয়নের তেরতোফা গ্রামে এ ঘটনা ঘটে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
হামলায় আহতরা হলেন, ডিবি পুলিশের এসআই আব্দুল জলিল, শওকত, সহকারী এএসআই আবুল কালাম, সদস্য শামীম, হিমেল ও খায়রুল। এছাড়া শ্যামল সরকার নামে স্থানীয় দৈনিকের এক ফটোগ্রাফার আহত হয়েছেন।
আটকতরা হলেন, উপজেলার ডাইয়ের কান্দার মামুন মিয়া, আল আমিন, তেরোতোফা এলাকার সারফুল ইসলাম, রুনেল সরকার, হাবিবুর রহমান, মো. আব্দুল জলিল, আদিয়া খাতুন, শাহাতন আক্তার, মাজেদা খাতুন, পারভিন আক্তার, আদির উদ্দিন, মাহমুদুল ইসলাম সায়েম, কৃষ্টপুর এলাকার মোশারফ মিয়া, আমগড়া এলাকার কাউসার আহমেদ, রায়পুর এলাকার আফাজ উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলমাকান্দা সীমান্ত দিয়ে ভারতীয় গরু, চিনি, জিরা ও কসমেটিকসসহ নানা পণ্য চোরাচালানের মাধ্যমে দেশে নিয়ে আসে সংঘবদ্ধ একটি চক্র। ভারতীয় গরু চোরাচালান ও মোটা অংকের টাকা লেনদেনের প্রস্তুতি চলছে এমন গোপন খবরে মঙ্গলবার বিকেলে এসআই আব্দুল জলিলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল তেরতোফা গ্রামে সারফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা চিৎকার-চেঁচামেচি করে আশপাশের মানুষকে জড়ো করে ডিবি পুলিশের ওপর হামলা চালায়। এ সময় কিল ঘুষি মেরে, লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে ডিবির ছয় সদস্যকে আহত করে।
এ সময় ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা, পাঁচটি ভারতীয় গরু, পাঁচ বোতল ভারতীয় মদ, ২০ পিস ইয়াবা, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও একটি টাকা গণনার মেশিন জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হচ্ছে।
সময়ের আলো/জোই