প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ আমন্ত্রণের কথা জানান তিনি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দুই পক্ষ কর্মসংস্থান দক্ষতা উন্নয়ন কর্মসূচি (ইএসডিপি) নিয়ে সহযোগিতার বিষয় আলোচনা করেন। বিশেষ করে জাপানে কর্মসংস্থানে আগ্রহী বাংলাদেশি কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং জাপানি ভাষা প্রশিক্ষণ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
পররাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি নিয়োগে তথ্যের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি জাপানি নিয়োগকর্তাদের সঙ্গে দক্ষ বাংলাদেশি কর্মীদের সংযোগ স্থাপনে একটি ডিজিটাল ম্যাচমেকিং প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাব দেন।
রাষ্ট্রদূত শিনিচি সাইদা প্রধানমন্ত্রীকে উভয় দেশের জন্য সুবিধাজনক সময়ে জাপান সফরের আমন্ত্রণ জানান।
এছাড়া বৈঠকে প্রতিরক্ষা ক্রয়, মেট্রোরেল সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে পারস্পরিক সমর্থনের বিষয়েও আলোচনা হয়।
এর আগে জাপানের রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ইস্যুতে জাপানের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।
সময়ের আলো/আরবিএন