পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকায় চলমান উত্তেজনা ও সংঘাত বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে উভয় পক্ষকে সংযত থাকার এবং আলোচনার মাধ্যমে দীর্ঘস্থায়ী সমাধান খোঁজার আহ্বান জানানো হয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে জানান, প্রতিবেশী ও বন্ধুপ্রতীম রাষ্ট্র হিসেবে চীন এই সংঘাতের ঘটনায় অত্যন্ত মর্মাহত।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, যেকোনো ধরনের সামরিক উত্তেজনা দুই দেশের জন্যই দীর্ঘমেয়াদে ভয়াবহ ক্ষতি নিয়ে আসবে। চীন বর্তমানে নিজস্ব কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা চালাচ্ছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বেইজিং গঠনমূলক ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এ অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তা এবং শান্তি বজায় রাখার স্বার্থে অবিলম্বে শত্রুতার অবসান ঘটানো প্রয়োজন। চীন মনে করে, কেবল সংলাপ ও গঠনমূলক আলোচনার মাধ্যমেই বিদ্যমান মতপার্থক্য দূর করা সম্ভব।
এদিকে, পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের বিভিন্ন শহরে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে।
পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলোর দাবি, আফগান তালেবান বাহিনীর পক্ষ থেকে চালানো উসকানিমূলক হামলার জবাবেই তারা এই আক্রমণ চালিয়েছে। এই অভিযানে আফগানিস্তানের বেশ কিছু গুরুত্বপূর্ণ কমান্ড পোস্ট ও গোলাবারুদের গুদাম ধ্বংস করা হয়েছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
সময়ের আলো/আরবিএন