খেলোয়াড়দের জীবনে উত্থান-পতন থাকবেই

মামুন হোসেন

খেলা

সেপ্টেম্বরে সর্বশেষ মাঠে নেমেছিলেন সুমন রেজা। জাতীয় দলের জার্সিতে নেপালের মাটিতে প্রীতি ম্যাচে। ওই ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন

2026-02-28T02:14:51+00:00
2026-02-28T02:14:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
খেলোয়াড়দের জীবনে উত্থান-পতন থাকবেই
মামুন হোসেন
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৪ এএম 
ফুটবলার সুমন রেজা। ছবি : সংগৃহীত
সেপ্টেম্বরে সর্বশেষ মাঠে নেমেছিলেন সুমন রেজা। জাতীয় দলের জার্সিতে নেপালের মাটিতে প্রীতি ম্যাচে। ওই ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন সময়ের সেরা এ ফরোয়ার্ড। এরপর পুরোনো ইনজুরি আবারও মাথা চাড়া দেয়। অক্টোবরে ঘরের মাঠে অনুষ্ঠিত ভারতের বিপক্ষে এশিয়ান কাপের ম্যাচে খেলা হয়নি। যদিও ওই ম্যাচের প্রাথমিক স্কোয়াডে ছিলেন। চার-পাঁচ দিন হাবিয়ের ক্যাবরেরার অধীনে অনুশীলনও করেছিলেন। দীর্ঘ প্রায় ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঘরের মাঠে ভারতকে হারায় বাংলাদেশ। নতুন করে ফুটবল উন্মাদনায় মেতে ওঠে বাংলার শতকোটি ফুটবলভক্ত-সমর্থক। ইনজুরির কারণে ভারত ম্যাচে খেলতে না পারায় কষ্ট এখনও মনের কোণে আঁকিবুঁকি কাটে সুমন রেজার।

ইনজুরির কারণে শুধু ভারতের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচই নয়, ঘরোয়া ফুটবলেও সেভাবে মাঠে নামা হয়নি। চলতি মৌসুমে মোহামেডানের জার্সিতে খেলছেন টাঙ্গাইলের ছেলে সুমন। সাদা-কালোদের হয়ে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) প্রথম লেগে মাত্র তিন ম্যাচে মাঠে ছিলেন, ফেডারেশন কাপে আবার অংশ নিতে পারেননি। তবে সুমন আশাবাদী লিগের দ্বিতীয় পর্ব থেকে মাঠে নামতে পারবেন, মোহামেডানকে পূর্ণ সার্ভিস দিতে পারবেন। আগামী ৭ মার্চ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় পর্ব। প্রথম ম্যাচ থেকেই মাঠে নামার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী সুমন।

মার্চেই রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এশিয়ান কাপ মিশন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে এই মিশনের ইতি টানবে লাল-সবুজের দল। ইনজুরিমুক্ত থাকলে আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সুমনের। তার আগে অবশ্য নিজেকে লিগে প্রমাণ করতে হবে, ফর্ম-ফিটনেস পরীক্ষায় উতরাতে হবে। এ ধরনের পরীক্ষা সুমনের জীবনে অবশ্য নতুন ঘটনা নয়। এর আগেও বহুবার ইনজুরিতে পড়েছেন, পরে পূর্ণোদ্যমে ফিরেও এসেছেন। মিনিসকাস-এসিএল ইনজুরিতে আক্রান্ত সুমন আবারও ফিরবেন স্বমহিমায়, সেরা ফর্মে- এ কথা জোর দিয়েই বললেন এ ফরোয়ার্ড। খেলোয়াড়দের জীবনে উত্থান-পতনের গল্পটা নতুন নয়। 
আরও পড়ুন

সুমনের মতো ভালো নেই তার দল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। গত আসরের লিগ চ্যাম্পিয়নরা এবার তলানিতে অবস্থান করছে। ১০ দলের লিগে মোহামেডানের অবস্থান ৬ নম্বরে। ৯ খেলায় ২ জয়, ৪ ড্র এবং ৩ হারে দলটির সংগ্রহ মাত্র ১০ পয়েন্ট। শীর্ষে থাকা বসুন্ধরা কিংস এবং ফর্টিস ফুটবল ক্লাব থেকে ৮ পয়েন্ট পিছিয়ে। এই অবস্থায় চ্যাম্পিয়ন রেসে ফেরা মোহামেডানের জন্য কঠিন, রানার্সআপ হওয়ার সম্ভাবনাও ক্ষীণ। সুমনরাও এবার চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ ট্রফি জেতার স্বপ্ন দেখছেন না। সুমনের একটাই ভাবনা দলের হয়ে প্রথম লেগে কোনো অবদান রাখতে পারেননি, তাই দ্বিতীয় লেগে নিজের সেরাটা দিয়ে দলের জয়ে ভূমিকা রাখার। প্রথম লেগের চেয়ে দ্বিতীয় পর্বে বেশি ম্যাচ জেতার।

মাঠের পারফরম্যান্সের মতো মাঠের বাইরেও ভালো নেই দেশের ঐতিহ্যবাহী ও পুরোনো ক্লাব মোহামেডান। খেলোয়াড়দের পাওনা অর্থ পরিশোধ করা হয়নি। বকেয়া পড়ে গেছে। সেই বকেয়া অর্থ পাওয়ার দাবিতে সোচ্চার খেলোয়াড়রা। এর মধ্যে বেশ কয়েকবার অনুশীলন বয়কট করেছে তারা। তবে সুমন মনে করেন, এ ধরনের সমস্যা প্রতি লিগে প্রায় প্রতিটি ক্লাবেই হয়ে থাকে। মোহামেডান বড় ক্লাব তাই যতই আর্থিক সংকটে পড়ুক তা শিগগিরই কেটে যাবে বলে বিশ্বাস। কোচ আলফাজ আহমেদ, ম্যানেজার নকিবরা খেলোয়াড়দের পাশে আছেন। এর মধ্যে আবার ক্লাবে নির্বাচন ঘনিয়ে আসছে। নির্বাচনের পর সংকট আরও দ্রুত কাটবে জানান সুমন।

ইনজুরি, বকেয়া অর্থ, ক্লাবের বাজে রেজাল্ট- সব কিছু মিলে কিছুটা মনোকষ্টে আছেন সুমন। তবে হতাশার মাঝে আশার আলো দেশের নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মাঠের মানুষকে ফুটবলের অভিভাবক, ক্রীড়াঙ্গনের অভিভাবক হিসেবে পেয়ে খুশি জাতীয় দলের ফরোয়ার্ড সুমন। আমিনুল হক জাতীয় দলের খেলোয়াড়দের বেতনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। এমন ঘোষণায় দারুণ খুশি সুমন। জাতীয় দলের পাশাপাশি বর্তমানে ঘরোয়া ফুটবলে যে সমস্যা রয়েছে, সেসব সমাধানেও ভূমিকা রাখবেন আমিনুল- এমনটাই বিশ্বাস সুমনের। 

এএডি/


  বিষয়:   খেলোয়াড়  জীবন  উত্থান  পতন  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: