মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর যখন যুদ্ধের আগুন দাউদাউ করে জ্বলছে, তখন এই ধ্বংসযজ্ঞ থামাতে ‘শান্তি দূত’ হিসেবে আবির্ভূত হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার শক্তিশালী দেশ ইন্দোনেশিয়া।
আজ (শনিবার) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি বিবৃতিতে জানিয়েছে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোয়ো সুবিয়ান্তো ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতা করতে এবং সরাসরি আলোচনার সুযোগ তৈরি করে দিতে সম্পূর্ণ প্রস্তুত।
ইন্দোনেশিয়া গভীরভাবে আক্ষেপ প্রকাশ করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক আলোচনা ব্যর্থ হওয়ার কারণেই এই ভয়াবহ সামরিক সংঘাতের সৃষ্টি হয়েছে। জাকার্তা মনে করে, এই যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের শান্তি ও নিরাপত্তা বিপন্ন করতে পারে। তাই সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখিয়ে কূটনীতির পথে ফেরার আহ্বান জানিয়েছে বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশটি।
বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, যদি আমেরিকা ও ইরান—উভয় পক্ষই সম্মত হয়, তবে প্রেসিডেন্ট প্রবোয়ো নিজে ইরানের রাজধানী তেহরানে সফরে যেতে রাজি আছেন। তিনি সেখানে গিয়ে সরাসরি মধ্যস্থতা করে একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে চান। বিশ্লেষকদের মতে, সংকটের এই চরম মুহূর্তে ইন্দোনেশিয়ার এই প্রস্তাব বিশ্বশান্তির জন্য একটি অত্যন্ত সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ।
/এমএইচআর