কুমিল্লার চান্দিনায় ঘরের দুই কক্ষ থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন ফারহানা আক্তার (৩৩) ও তার মেয়ে ফাছিহা (৭)।
রোববার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোচ গ্রামে ওই ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের মোজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী ও মেয়ে।
স্থানীয়রা জানান, দুই মেয়ে ও এক ছেলের জননী ফারহানা আক্তার। ছেলে বাবার সাথে ঢাকায় থাকেন। দশ বছর বয়সি বড় মেয়ে স্থানীয় একটি আবাসিক মাদরাসায় লেখাপড়া করেন। বাড়িতে শাশুড়ির সঙ্গে ছোট মেয়েকে নিয়ে থাকতেন ফারহানা।
রোববার সকালে বাড়ি থেকে হাঁটতে বের হন ফারহানার শাশুড়ি কদরবানু। দুপুরে তিনি বাড়ি ফিরে ঘরের দরজা জানালা বন্ধ দেখতে পান। পরে বাহির থেকে পরিবারের সদস্যদের ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে আশপাশের মানুষকে ডাকেন কদরবানু।
পাশের বাসিন্দা রাসেল মজুমদার জানান, ঘরের দরজা-জানালা বন্ধ দেখে, আমরা বাধ্য হয়ে একটি জানালা ভেঙে দেখতে পাই ঘরের একটি কক্ষে ঝুলছে শিশুটির দেহ। পরে ঘরের ভিতরে ঢুকে আরেকটি কক্ষে শিশুটির মাকেও ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে আমরা থানায় খবর দিই।
তিনি আরও জানান, তবে কী কারণে, কেন এ ঘটনা ঘটেছে- তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।
ঘটনাস্থলে আসা চান্দিনা থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মিজানুর রহমান জামান, আমরা ঘটনাস্থলে এসে জানতে পারি ঘরের দুই কক্ষে মা-মেয়ের ঝুলন্ত লাশ ছিল। পরিবারের সদস্য ও স্থানীয়রা মরদেহ দুটি ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে রাখে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানতে পারব।
সময়ের আলো/আআ