নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়ন পরিষদের বরখাস্ত হওয়া চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়া স্বপদে ফিরেছেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলি আদেশ জারি হয়েছে।
সোমবার (২ মার্চ) চেয়ারম্যানের স্বপদে ফেরার নিশ্চিত করেন কলমাকান্দা উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম।
এর আগে, গতকাল রোববার জেলা প্রশাসনের পক্ষ থেকে চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়াকে স্বপদে বহালের প্রজ্ঞাপন জারি করা হয়।
সাইদুর রহমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়ার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা ও আদালত অবমাননার অভিযোগে স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করেছিল। পরবর্তীতে হাইকোর্টে রিট পিটিশন করেন তিনি। শুনানি শেষে আদালত বরখাস্তের আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে চেয়ারম্যানকে স্বপদে বহালের প্রজ্ঞাপন জারি করা হয়।
নেত্রকোনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আরিফুল ইসলাম সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশনা ও মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম জানান, রোববার থেকেই চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়া স্বপদে দায়িত্ব পালন শুরু করেছেন।
এদিকে, একই দিন ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ইউএনও মাসুদুর রহমানের বদলি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী তাকে পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
এর আগে, গত ১৭ জানুয়ারি কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা বাজারে ইউএনওর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। পরদিন ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ।
এদিকে, ইউএনওর বদলির আদেশের বিরুদ্ধে মানববন্ধন করেছেন জামায়াত জোটের স্থানীয় নেতাকর্মীরা।
এফআর