প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:১৩ পিএম আপডেট: ২৪.১১.২০২৬ ৬:১৪ পিএম

উপজেলার ২ হেক্টর জমির শীতকালীন শাক সবজি, ৫ হেক্টর জমির আলু এবং ২২ হেক্টর জমির গ্রীষ্মকালীন পেঁয়াজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি : সময়ের আলো
উপজেলার ২ হেক্টর জমির শীতকালীন শাক সবজি, ৫ হেক্টর জমির আলু এবং ২২ হেক্টর জমির গ্রীষ্মকালীন পেঁয়াজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি : সময়ের আলো অসময়ে টানা ৩ দিনের বৃষ্টিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোপা আমন ধান, শীতকালীন শাক সবজি, আলু ও গ্রীষ্মকালীন পেঁয়াজের ব্যাপক ক্ষতি হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, গত ৩ দিনের টানা বৃষ্টিতে কৃষকের খেতের আধাপাঁকা রোপা আমান ধানগাছ বাতাস আর বৃষ্টিতে নুয়ে পড়ে। জমিতে বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় তার বেশিরভাগ নষ্ট হয়েছে। ফলে কষ্টের ফসল হারিয়ে অনেক কৃষক চরম ক্ষতিগ্রস্থ হয়েছেন। উপজেলাজুড়ে চাষ হওয়া গ্রীষ্মকালীন পেঁয়াজের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এছাড়াও আলু ও শীতকালীন শাক সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে স্থানীয় পাইকারি বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। গত দুই দিনে ফুলকপিসহ শীতকালীন শাক সবজির দাম কিছুটা বেড়েছে।
উপজেলার শিবপুর ইউনিয়নের কৃষক আলম মিয়া জানান, অনেক টাকা খরচ করে ধান চাষ করেছি। কিন্তু খেতের আধাপাঁকা ধান ৩ দিনের টানা বৃষ্টিতে নষ্ট হয়ে গেল। এ ক্ষতি পোষানো সম্ভব নয়। গুমানীগঞ্জ ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কৃষক জানান, পেঁয়াজ চাষ কিছুটা ব্যয়বহুল। সার, কীটনাশক ও কাজের মজুরের ব্যয় অনেক বেশি। প্রায় দুই বিঘা জমিতে পেঁয়াজ চাষ করে ক্ষেতের পেঁয়াজ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জানান, গোবিন্দগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নে কিছু কিছু ধানের জমিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ৩ হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ২ হেক্টর জমির শীতকালীন শাক সবজি, ৫ হেক্টও জমির আলু এবং ২২ হেক্টর জমির গ্রীষ্মকালীন পেঁয়াজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, আবহাওয়ার পূর্বাভাসের বৃষ্টির সম্ভবনার কথা কৃষকদের জানিয়ে ধান কেটে খেতে ফেলে না রাখার কথা কৃষকদের আগেই জানানো হয়েছিল। অনেক কৃষক সেটা গুরুত্ব না দেওয়ায় ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হয়নি। কৃষকদের কষ্টে উৎপাদিত ফসল রক্ষায় পরবর্তী করণীয় সম্পর্কে তাদেরকে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে নানা পরামর্শ দেওয়া হচ্ছে।
সময়ের আলো/এনএন