এইচএসসি পরীক্ষার প্রস্তুতির মাঝেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বরিশাল অঞ্চলের হাজারো শিক্ষার্থী। রেজিস্ট্রেশন কার্ডে বড় ধরনের ভুলের কারণে প্রায় ৩৮ হাজার পুরুষ পরীক্ষার্থীর জেন্ডার ‘ফিমেল’ হিসেবে ছাপা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে নিবন্ধিত শিক্ষার্থীদের ক্ষেত্রে। বোর্ড সূত্র জানায়, কয়েক দিন আগে ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করা হয় এবং চার জেলার কলেজগুলোতে বিতরণ শুরু হয়। তবে ঝালকাঠিসহ দুটি জেলায় কার্ড হাতে পাওয়ার পর প্রথমে জেন্ডার সংক্রান্ত এই ত্রুটি চোখে পড়ে। পরে যাচাই করে দেখা যায়, প্রায় ৩৮ হাজার ছাত্রের জেন্ডার ভুলভাবে ‘ফিমেল’ ছাপা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক জি এম শহিদুল ইসলাম জানান, কম্পিউটার প্রোগ্রামের ভুল সেটিংস ও অপারেটরের অসাবধানতার কারণে এ সমস্যা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কম্পিউটার অপারেটরকে ইতোমধ্যে শোকজ করা হয়েছে।
আরও পড়ুন
তিনি বলেন, ‘পরীক্ষা শুরুর আগেই ভুলটি শনাক্ত হওয়ায় দ্রুত সংশোধন করা সম্ভব হচ্ছে। শিক্ষার্থীদের কোনো ফি ছাড়াই বিনামূল্যে সংশোধন করা হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ করলেই সমাধান দেওয়া হচ্ছে।’
রেজিস্ট্রেশন কার্ডে ব্যক্তিগত তথ্য ভুল থাকায় অনেক শিক্ষার্থী মানসিক চাপে পড়েছেন। কেউ কেউ বোর্ড ও কলেজে ছুটছেন সংশোধনের জন্য, যা পরীক্ষার প্রস্তুতিতেও প্রভাব ফেলছে। যদিও বোর্ড আশ্বাস দিয়েছে, সংশোধিত কার্ড দ্রুত সরবরাহ করা হবে এবং পরীক্ষায় অংশ নিতে কোনো জটিলতা তৈরি হবে না।
সাধারণত একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার ছয় মাস পর রেজিস্ট্রেশন সম্পন্ন হয় এবং পরীক্ষা শুরুর অন্তত এক মাস আগে কার্ড প্রিন্ট করা হয়। এবারও সেই নিয়মেই কার্ড ছাপা হয়েছিল। তবে তথ্য প্রক্রিয়াকরণের একটি ছোট ত্রুটি বড় সংখ্যক শিক্ষার্থীকে অস্বস্তিতে ফেলেছে।
এএডি/