ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী থেকে জাতীয় পর্যায়ের শীর্ষস্থান এই পথ পাড়ি দিয়ে দেশসেরার গৌরব অর্জন করেছেন গাইবান্ধার কৃতী সন্তান আরিফ উল করিম সিয়াম। ১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সারা দেশের মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে সহকারী জজ পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। এই সাফল্যের খবরে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে তার জন্মভূমি গাইবান্ধা জেলা।
দেশের বিচার বিভাগে প্রবেশ পদ, সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ প্রচলিত বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষার মাধ্যমে হয় না। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় সম্পূর্ণ স্বতন্ত্র একটি পরীক্ষার মাধ্যমে, যা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়ে থাকে। দেশের অন্যতম প্রতিযোগিতাপূর্ণ ও কঠিন এই নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিকসহ একাধিক ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ হতে হয় প্রার্থীদের। এমন কঠোর প্রতিযোগিতার মধ্যেও নিজের অসামান্য মেধার স্বাক্ষর রেখে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন সিয়াম।
আরিফ উল করিম সিয়ামের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নে। দেশের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে শিক্ষাজীবন সম্পন্ন করেন তিনি। শিক্ষাজীবন জুড়েই মেধার পরিচয় দিয়ে আসা সিয়াম, দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠের শিক্ষার্থী হিসেবে এবার জাতীয় পর্যায়ের এই পরীক্ষায় শীর্ষস্থান দখল করে নিজের যোগ্যতার চূড়ান্ত প্রমাণ দিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারাবাহিকতায় তার এই সাফল্য বিশেষভাবে আলোচিত হচ্ছে শিল্পাঙ্গনে।
সিয়ামের এই অভাবনীয় সাফল্যের খবরে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন তার পরিবার, শিক্ষক ও সহপাঠীরা। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সাঘাটা উপজেলাজুড়ে বইছে আনন্দের বন্যা। এলাকাবাসী একে অপরকে জানাচ্ছেন অভিনন্দন, সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে শুভেচ্ছা বার্তার হিড়িক।
স্থানীয় বিশিষ্টজন ও এলাকাবাসীর অভিমত, সিয়ামের এই জাতীয় পর্যায়ের গৌরবোজ্জ্বল সাফল্য শুধু সাঘাটা উপজেলার জন্যই নয়, বরং সমগ্র গাইবান্ধা জেলার জন্যই বয়ে এনেছে এক অনন্য মর্যাদা ও সম্মান। তারা মনে করেন, এই সাফল্য জেলার নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
নতুন কর্মজীবনে পা রাখতে যাওয়া আরিফ উল করিম সিয়ামের কাছে এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা বিচার বিভাগে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করবেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাখবেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
সময়ের আলো/জোই