ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস উপলক্ষে গাইবান্ধায় শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সমাজবিজ্ঞান চর্চা কেন্দ্র, গাইবান্ধার উদ্যোগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুরুতে প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত নেতাকর্মীরা। পরে তাঁর জীবন ও সংগ্রাম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নারী আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক রোকেয়া বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিপিবি নেতা ওয়াজিউর রহমান রাফেল, সিপিবি জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা আহ্বায়ক গোলাম রব্বানী, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা নেতা সবুজ মিয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা নেতা কামরুল হাসান বসুনিয়া, বিপ্লবী ছাত্র আন্দোলনের জেলা নেতা রুদ্র নীল এবং ছাত্র ইউনিয়নের জেলা নেতা আবির মিয়া।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিবির সদর উপজেলা সম্পাদক সুপ্রিয়া দেবনাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা সভাপতি ইশরাত জাহান লিপি।
আলোচনায় বক্তারা প্রীতিলতা ওয়াদ্দেদারের সংগ্রামী জীবন ও ব্রিটিশবিরোধী আন্দোলনে তাঁর আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রীতিলতার আত্মত্যাগ আজও মানুষকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা দেয়।
বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে প্রীতিলতার সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরা প্রয়োজন। তাঁর আদর্শ থেকে শিক্ষা নিয়ে ন্যায় ও সমতার পক্ষে তরুণদের সচেতন করে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভা শেষে উপস্থিত সবাই প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সময়ের আলো/এসএকে