সার সংকট ও জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গাইবান্ধায় দুই সংগঠনের বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

সার সংকট নিরসন, কৃষকদের হয়রানি বন্ধ ও জ্বালানি তেলের বাড়ানো দাম প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় পৃথক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষক

2026-09-23T19:03:24+00:00
2026-09-23T19:17:40+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সার সংকট ও জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গাইবান্ধায় দুই সংগঠনের বিক্ষোভ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৩ পিএম  আপডেট: ২৩.০৯.২০২৬ ৭:১৭ পিএম
ছবি : সময়ের আলো
সার সংকট নিরসন, কৃষকদের হয়রানি বন্ধ ও জ্বালানি তেলের বাড়ানো দাম প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় পৃথক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন। বুধবার (২৩ সেপ্টেম্বর) শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সংগঠন দুটি।

সকালে বাংলাদেশ কৃষক সমিতির জেলা শাখার উদ্যোগে শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সারের সরবরাহ নিশ্চিত, দাম কমানো এবং সার নিয়ে কৃষকদের হয়রানি বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক সমিতির জেলা সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার। সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা মিহির ঘোষ, কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সুভাষ শাহ রায়, কৃষক ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক রেবতী বর্মন, জেলা কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আদিল নান্নু, সদর উপজেলা কৃষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম মণ্ডল ও জেলা কমিটির সদস্য আব্দুল জলিলসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, সার সংকটে কৃষকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকে প্রয়োজনীয় সার পাচ্ছেন না। ডিলারদের সিন্ডিকেটের কারণে কৃত্রিম সংকট তৈরি ও কৃষকদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা। এ অবস্থায় ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান বক্তারা।

জ্বালানি তেলের দাম বাড়ায় কৃষি উপকরণ ও পরিবহন ব্যয় বেড়ে কৃষকের উৎপাদন খরচও বাড়ছে বলে দাবি করেন তাঁরা। তাই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং সার সরবরাহে অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১ নম্বর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।

অন্যদিকে, সকাল ১১টার দিকে জ্বালানি তেলের বাড়ানো দাম প্রত্যাহার এবং ইউরিয়াসহ সব ধরনের সার ও কীটনাশকের সিন্ডিকেট ভেঙে ন্যায্যমূল্যে কৃষকদের কাছে সরাসরি সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের গাইবান্ধা জেলা শাখা।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন মনজুর আলম মিঠু, জাহেদুল হক ও সবুজ মিয়া।

সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে পরিবহন ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, যার চাপ পড়ছে সাধারণ মানুষের ওপর। তাঁরা ভ্যাট, কর ও শুল্ক কমিয়ে জ্বালানি তেলের দাম আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার দাবি জানান।

এ ছাড়া ইউরিয়া সারের সংকটের কথা তুলে ধরে সার ও কীটনাশকের সিন্ডিকেট ভেঙে ন্যায্যমূল্যে কৃষকদের কাছে সরাসরি সরবরাহের দাবি জানান তাঁরা। নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলেও সরকারের সমালোচনা করেন সংগঠনটির নেতারা।

দুই কর্মসূচি থেকে বক্তারা কৃষকদের জন্য সারের সরবরাহ নিশ্চিত করা, সিন্ডিকেট বন্ধ করা এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   জ্বালানি  তেল  সিন্ডিকেট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: