হাতিয়ায় তোপের মুখে হান্নান মাসউদ, ছাত্রদল-এনসিপির সংঘর্ষ

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

সংসদে হাতিয়ার নৌঘাটসহ বিভিন্ন বিষয়ে বিএনপিকে জড়িয়ে ‘মিথ্যা ও জনবিভ্রান্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে হাতিয়া আসনের সংসদ সদস্য হান্নান মাসউদের

2026-09-25T03:51:46+00:00
2026-09-25T03:51:46+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হাতিয়ায় তোপের মুখে হান্নান মাসউদ, ছাত্রদল-এনসিপির সংঘর্ষ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫১ এএম 
সংগৃহীত ছবি
সংসদে হাতিয়ার নৌঘাটসহ বিভিন্ন বিষয়ে বিএনপিকে জড়িয়ে ‘মিথ্যা ও জনবিভ্রান্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে হাতিয়া আসনের সংসদ সদস্য হান্নান মাসউদের বিরুদ্ধে। এর প্রতিবাদে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তোপের মুখে পড়েন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও এনসিপির অনুসারীদের মধ্যে দফায় দফায় হট্টগোল ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভার শুরুতেই এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দিতে উপজেলা পরিষদে পৌঁছানোর পর প্রবেশদ্বারে ছাত্রদল নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এমপি হান্নান মাসউদ ও তার অনুসারীরা। এ সময় হান্নান মাসউদ নিজেও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে সভায় উপস্থিত কয়েকজন বিএনপি নেতার মধ্যস্থতায় তাকে নিরাপদে সভাকক্ষে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদ, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা এবং এনসিপির দলীয় কর্মী সমাবেশে হাতিয়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জড়িয়ে এমপি হান্নান মাসউদের দেওয়া মিথ্যা ও জনবিভ্রান্তিকর বক্তব্যের কারণে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল।

সভা চলাকালে শেষদিকে সভাকক্ষের বাইরে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পুনরায় বাগবিতণ্ডা শুরু হয়। বিষয়টি জানতে পেরে এমপি হান্নান মাসউদ সভার মাঝপথেই বাইরে বেরিয়ে আসেন এবং সেখানে নিজেও তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি, হট্টগোল ও কিল-ঘুসির ঘটনা ঘটে।

সংঘর্ষে উপজেলা যুবশক্তির সদস্যসচিব ছাইফুল ইসলাম রাকিব এবং ছাত্রদল নেতা আকরাম, সাকিব, সাখাওয়াত হোসেন হিরো, আজাদ ও আকরাম আহত হন। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এর আগে, শ্রমিক শক্তির সভাপতি আবীর হোসেন তার স্ত্রীকে হাতিয়া দ্বীপ সরকারি কলেজে ভর্তি করাতে নিয়ে গেলে ছাত্রদলের কর্মীরা তাকে মারধর করে আহত করেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া বিকেলের দিকে উপজেলা মসজিদ মার্কেটের সামনে প্রধান সড়কে ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. ছাইফুল ইসলামকে ছাত্রদলের কর্মীরা কিল-ঘুসি মেরে আহত করেন বলে জানা যায়।

উত্তপ্ত পরিস্থিতির মুখে প্রায় এক ঘণ্টা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অবস্থান করেন এমপি হান্নান মাসউদ। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি তার বাসভবনে চলে যান।

ঘটনার বিষয়ে হাতিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক শামছুল তাবরীজ বলেন, বিষয়টি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। তার অভিযোগ, ছাত্রদলের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তারা বেপরোয়া হয়ে উঠেছে এবং আজকের আইনশৃঙ্খলা সভায় পরিকল্পিতভাবে এই বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে।

অন্যদিকে, হাতিয়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল দাবি করেন, স্থানীয় এমপি হান্নান মাসউদ জাতীয় সংসদসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিএনপিকে জড়িয়ে উসকানিমূলক ও মিথ্যা বক্তব্য দেওয়ায় ছাত্রদলের কর্মীরা স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়েছেন। তবে আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে বিএনপির কোনো দলীয় নির্দেশনা ছিল না।

সময়ের আলো/আতা
  বিষয়:   হাতিয়া  তোপের মুখে হান্নান মাসউদ  ছাত্রদল  এনসিপি  সংঘর্ষ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: