ইরানে যৌথ আগ্রাসনে বাড়ছে প্রাণহানি

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাত চতুর্থ দিনে মধ্যপ্রাচ্যজুড়ে পূর্ণাঙ্গ সামরিক রূপ নিয়েছে। ইরানি রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, দেশটিতে নিহতের সংখ্যা

2026-03-04T01:37:48+00:00
2026-03-04T01:37:48+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানে যৌথ আগ্রাসনে বাড়ছে প্রাণহানি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:৩৭ এএম   (ভিজিট : ১২১)
সংগৃহীত ছবি
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাত চতুর্থ দিনে মধ্যপ্রাচ্যজুড়ে পূর্ণাঙ্গ সামরিক রূপ নিয়েছে। ইরানি রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৭ জনে; পশ্চিম ইরানের হামাদানে যৌথ শক্তির হামলায় অন্তত ৫ জন এবং কেরমানে আরও ১৩ ইরানি সেনা নিহত হয়েছেন। 

পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে তিনজন নিহত ও ৬৮ জন আহত হওয়ার খবর মিলেছে। উপসাগরীয় অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের লাগাতার হামলা, বাহরাইন ও সৌদিতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে আঘাত এবং ওমান উপসাগরে ইরানি জাহাজ ধ্বংসের যুক্তরাষ্ট্রের দাবি পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। 

এর মধ্যেই ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হুরমুজ প্রণালি আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে, যা দিয়ে বিশ্ব জ্বালানি সরবরাহের বড় অংশ পরিবাহিত হয়। কাতারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ এবং সৌদি আরবের একটি বৃহৎ শোধনাগারে উৎপাদন স্থগিতের প্রভাব ইতিমধ্যে বৈশ্বিক বাজারে পড়েছে। ইউরোপীয় বেঞ্চমার্ক গ্যাসের দাম এক দিনে ৩৩ শতাংশ এবং যুক্তরাজ্যে প্রায় ৩০ শতাংশ বেড়েছে; কিছু ক্ষেত্রে দাম ৫০ শতাংশ পর্যন্ত লাফিয়েছে। 

একই সঙ্গে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের ১৪টি দেশ ত্যাগের আহ্বান জানিয়েছে। সংঘাত থামাতে কোনো কূটনৈতিক অগ্রগতি না থাকায় মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা এখন বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও ভূরাজনীতির জন্য বড় সংকটে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি করেছে। এর মধ্যে ইসরাইলের গণমাধ্যম দাবি করেছে কাতার ইরানে পাল্টা হামলা চালিয়েছে।

সৌদিতে মার্কিন দূতাবাসে হামলা : রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে। এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় সীমিত মাত্রার অগ্নিকাণ্ড এবং ভবনের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। সৌদি আরবে জেদ্দা, রিয়াদ এবং জাহরানে যুক্তরাষ্ট্রের মিশনের কর্মীদের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা জারি করা হয়েছে। এ হামলার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘কঠোর জবাব দেওয়া হবে’।

আমিরাতে ইরানের হামলায় নিহত ৩ : সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আমিরাতজুড়ে ইরানের চালানো হামলায় এ পর্যন্ত ৩ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন। গত শনিবার ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। 

এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিনঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে আমিরাত লক্ষ্য করে এ পর্যন্ত ১৮৬টি ক্ষেপণাস্ত্র ড্রোন ছোড়া হয়েছে। এর মধ্যে ১৭২টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে এবং ১৩টি সমুদ্রে গিয়ে পড়েছে। একটি ক্ষেপণাস্ত্র আমিরাতের ভূখণ্ডে আঘাত হেনেছে। ইরান থেকে আমিরাত লক্ষ্য করে মোট ৮১২টি ড্রোন ছোড়া হয়েছে। আমিরাত ৭৫৫টি ড্রোন প্রতিহত করেছে।

ওমান উপসাগরে ইরানের সব জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের : ওমান উপসাগরে ইরানের সক্রিয় সব জাহাজ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের একাধিক জাহাজ ডুবিয়ে দেওয়ার কথা জানিয়েছেন। অবশ্য এ ক্ষয়ক্ষতির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। তবে ইরান পাল্টা হামলা চালাচ্ছে এবং এতে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় জানায়, দুই দিন আগে ওমান উপসাগরে ইরানের ১১টি জাহাজ ছিল, এখন সেখানে একটি নৌযানও নেই।

সেন্টকমের দাবি, কয়েক দশক ধরে ইরান ওমান উপসাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে হয়রানি ও হামলা চালিয়েছে। সমুদ্রপথে অবাধ চলাচল রক্ষায় তারা অভিযান চালিয়ে যাবে বলেও জানায় সংস্থাটি। তাদের ভাষ্য সেই দিন শেষ। তবে ইরান এ ধরনের ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি দেয়নি।

বাহরাইনে মার্কিনঘাঁটি ধ্বংস : বাহরাইনের শেখ ইসা এলাকায় একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। হামলায় যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটি ধ্বংস হয়েছে। ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত ফুটেজে দেখা গেছে, দূরবর্তী লক্ষ্যবস্তুতে একের পর এক রকেট বিস্ফোরিত হচ্ছে। ফার্স জানিয়েছে, আইআরজিসির ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শেখ ইসা অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে একটি কমান্ড ও স্টাফ বিল্ডিং ধ্বংস হয়েছে। জ্বালানির ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটেছে। এ সম্পর্কে যুক্তরাষ্ট্র এখনও কোনো মন্তব্য করেনি।

জ্বালানি উৎপাদন স্থগিত : ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, দুকুম বন্দরে একটি জ্বালানি ট্যাঙ্কারে ড্রোন হামলা চালানো হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়েছে, হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। কয়েক দিন আগেও এই বন্দরে ড্রোন হামলা হয়েছিল। তখন এক শ্রমিক প্রাণ হারান। 

ওমানের নিকটবর্তী দেশ কাতারে সোমবার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে, যা বিশ্বের মোট সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ। দেশটির বেশ কিছু স্থাপনায় ইরানি হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সৌদি আরবও তাদের অন্যতম বৃহত্তম অভ্যন্তরীণ শোধনাগারে উৎপাদন স্থগিত করেছে।

দ্রুত দাম বাড়ছে জ্বালানির : ইউরোপের বেঞ্চমার্ক গ্যাসের দাম মঙ্গলবার ৩৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে যুক্তরাজ্যের বেঞ্চমার্ক গ্যাসের দামও বেড়েছে ৩০ শতাংশ। উভয় বাজারেই এখন ২০২৩ সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ মূল্যে গ্যাস লেনদেন হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহত্তম গ্যাস রফতানিকারক প্রতিষ্ঠান কাতার এনার্জি তাদের স্থাপনাগুলোতে সামরিক হামলার পর উৎপাদন বন্ধ করে দেওয়ায় সোমবার গ্যাসের দাম প্রায় ৫০ শতাংশ বাড়ে। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য অনুযায়ী, সীমিত মজুদ সক্ষমতা এবং আমদানির ওপর অধিক নির্ভরশীলতার কারণে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ বিশেষভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। 

বৈরুত, তেহরানে বিস্ফোরণ : ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরাইলের তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দাবি, লেবাননের ডজনখানেক শহর ও জনপদ লক্ষ্য করে চালানো ইসরাইলি আগ্রাসনের জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

টেলিগ্রামে তিনটি পৃথক পোস্টে হিজবুল্লাহ জানিয়েছে, তারা গোলান মালভূমির নাফাহ ঘাঁটিতে বিশাল ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে। এ ছাড়া উত্তর ইসরাইলের মেরন এবং রামাত ডেভিড বিমানঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা করেছে। ইসরাইলি সামরিক বাহিনী এখন পর্যন্ত এই দাবির বিষয়ে মন্তব্য করেনি। অন্যদিকে ইসরাইল দাবি করেছে, মঙ্গলবার লেবাননের বৈরুত ও ইরানের তেহরানে নতুন করে হামলা চালানো হয়েছে। বিবিসি প্রকাশিত কয়েকটি ছবিতে ভবন থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। 

ইসরাইল বলছে, তাদের পদাতিক বাহিনী লেবাননের আরও কৌশলগত এলাকা দখল করতে অগ্রসর হবে। প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছেন, তিনি এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরাইলি সীমান্ত জনপদগুলোতে হামলা রোধ করার লক্ষ্যে আইডিএফকে লেবাননের আরও কৌশলগত এলাকা দখল এবং সেখানে অগ্রসর হওয়ার অনুমোদন দিয়েছেন।


চিরকাল যুদ্ধ চালানোর অস্ত্রভান্ডার : যুক্তরাষ্ট্রের মাঝারি ও উচ্চমাঝারি মানের গোলাবারুদের মজুদ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শুধু এই সরঞ্জাম ব্যবহার করে চিরকাল যুদ্ধ চালানো সম্ভব। 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এমন কথা লিখেছেন। ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় সোমবার মধ্যরাতে দেওয়া পোস্টে ট্রাম্প আরও লিখেন, আমাদের কাছে এই অস্ত্রগুলোর প্রায় সীমাহীন সরবরাহ আছে। যুক্তরাষ্ট্র সমৃদ্ধ এবং বড় জয়ের জন্য প্রস্তুত।

আনুষ্ঠানিকভাবে হুরমুজ প্রণালি বন্ধ : জ্বালানি সরবরাহের অন্যতম জলপথ হুরমুজ প্রণালি অনুষ্ঠানিকভাবে বন্ধের কথা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই পথ দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, কোনো জাহাজ পথটি অতিক্রমের চেষ্টা করলে হামলা চালানো হবে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আইআরজিসির একজন শীর্ষস্থানীয় এই বন্ধের ঘোষণা দিয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত বক্তব্যে বিপ্লবী গার্ডসের প্রধান কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা ইব্রাহিম জাবারি বলেন, হুরমুজ প্রণালি বন্ধ। কেউ যদি পার হওয়ার চেষ্টা করে, তবে বিপ্লবী গার্ডস এবং নিয়মিত নৌবাহিনীর সেনারা জাহাজে আগুন দেবে।

দ্রুতই সর্বোচ্চ নেতা নির্বাচন : ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতার নাম দ্রুত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদের এক সদস্য। এ দায়িত্বে থাকা পরিষদের এক সদস্য দেশটির সংবাদ সংস্থা আইএসএনএকে বলেছেন, এই নির্বাচন প্রক্রিয়া দীর্ঘায়িত হবে না। আলি মোয়াল্লেমি নামের ওই সদস্য বলেন, বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা শপথ নিয়েছেন যে নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে কোনো ব্যক্তির প্রতি ‘ব্যক্তিগত পছন্দ’ কিংবা রাজনৈতিক ও দলীয় গোষ্ঠীস্বার্থ ভূমিকা রাখবে না। তারা কেবল নিজেদের বিচারবুদ্ধি ও ধর্মীয় নীতিমালার ওপর ভিত্তি করে ভোট দেবেন।

চীনের অস্বীকার : চীন ক্রমাগত যুদ্ধবিরতি এবং আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়ে যাচ্ছে। বেইজিং ইরান সরকারকে বন্ধু হিসেবে অভিহিত করেছে এবং স্পষ্ট করে দিয়েছে, তারা ইরানের নিজস্ব ভূখণ্ড ও স্বার্থ রক্ষার অধিকার সমর্থন করে। তবে চীনা পররাষ্ট্রমন্ত্রী ইরানের কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ সমর্থন করেননি। 

এ বিষয়ে জানতে চাওয়া হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানকে অস্ত্র সরবরাহ বা সামরিকভাবে সাহায্য করার কথা অস্বীকার করেছে। তারা বলছে, তাদের সমর্থন কেবল রাজনৈতিক ও নৈতিক পর্যায়ে সীমাবদ্ধ।

মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর তাদের নাগরিকদের ১৪টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। কনস্যুলারবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘গুরুতর ঝুঁকির’ কারণে পররাষ্ট্র দফতর মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব, যে পরিবহনব্যবস্থা আছে তা ব্যবহার করে ১৪টি দেশ থেকে বেরিয়ে যেতে বলছে। এই দেশগুলোর মধ্যে আছে বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরাইল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

মধ্যপ্রাচ্যগামী ১৪৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা: ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে গত শনিবার থেকে এ পর্যন্ত মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট বাতিলের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা।

বিমানবন্দর সূত্র জানায়, কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের শারজাহর ফ্লাইট পুরোপুরি বন্ধ রয়েছে। তবে চালু আছে সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও দাম্মামের ফ্লাইট। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধসহ উদ্ভূত নিরাপত্তা ঝুঁকির কারণে ফ্লাইট বাতিল করা হচ্ছে।

মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে মধ্যপ্রাচ্যগামী অনেক যাত্রীকে বাড়ি ফেরত যেতে দেখা গেছে। আবার অনেকে বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। তারা বলেন, বাতিল হওয়া ফ্লাইট আবার কবে-কখন চালু হবে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানি না।

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ভারতের মুম্বাই, ওমানের মাসকাট হয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাওয়ার কথা ছিল মৌলভীবাজারের দীপু চন্দ্র শীলের। বেলা ১১টা ৪৫ মিনিটের ফ্লাইট ধরতে তিনি খুব সকালে বিমানবন্দরে হাজির হন। বিমানবন্দরে বোর্ডিং পাসের সময় তাকে আটকে দেওয়া হয়। বলা হয়, যাওয়া যাবে না।

দীপু চন্দ্র শীল বলেন, মৌলভীবাজার ট্রাভেলস থেকে টিকেট নিয়েছি। গত সোমবার রাতেও তারা বলেছে, যাওয়া যাবে। কিন্তু এখানে আসার পর আমাকে বলা হয়েছে, যাওয়া যাবে না। আমার ফ্লাইট নাকি ইন্ডিয়ার পর আর মাসকাট যাবে না। ফ্লাইট বাতিল বলতেছে। এ জন্য বাড়ি চলে যাচ্ছি।

বিমানবন্দরের টার্মিনাল-১-এ প্রবেশের দ্বিতীয় ফটকের বাইরে বসে অপেক্ষা করছিলেন নরসিংদীর রফিকুল ইসলাম। কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে করে কাতার হয়ে তার সৌদি আরবের রিয়াদ যাওয়ার কথা। সে জন্য তিনি সকাল ১০টা ৪৫ মিনিটে বিমানবন্দরে হাজির হন। কিন্তু এসে জানতে পারেন, তার ফ্লাইট বাতিল। তিনি যেতে পারবেন না।

রফিকুল ইসলাম বলেন, সৌদি আরবের রিয়াদে এমডিসিসি নামের কোম্পানিতে আসবাব তৈরির কাজ করেন তিনি। গত ২৫ ফেব্রুয়ারি তিনি দেশে এসেছিলেন। ১৭ মার্চ পর্যন্ত তার ভিসার মেয়াদ আছে। আসার সময় ‘আপ-ডাউন’ টিকেট কেটে দিয়েছিল তার কোম্পানি। ফ্লাইট বাতিল হওয়ায় এখন কোম্পানির পক্ষ থেকে রিয়াদগামী বিকল্প উড়োজাহাজে তার টিকেটের ব্যবস্থার চেষ্টা করা হচ্ছে। সে জন্য তিনি বিমানবন্দরে অপেক্ষা করছেন।

সময়ের আলো/এআর



  বিষয়:   ইরান  যৌথ  আগ্রাসন  প্রাণহানি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: