সাহিত্যিক আবুল কালাম শামসুদ্দীনের মৃত্যুবার্ষিকী আজ

সময়ের আলো ডেস্ক

সাহিত্য

আবুল কালাম শামসুদ্দীন সাংবাদিক ও সাহিত্যিক। ১৮৯৭ সালের ৩ নভেম্বর ময়মনসিংহ জেলার ত্রিশালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯১৯ সালে ঢাকা কলেজ

2026-03-04T06:10:33+00:00
2026-03-04T06:10:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সাহিত্য
সাহিত্যিক আবুল কালাম শামসুদ্দীনের মৃত্যুবার্ষিকী আজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৬:১০ এএম 
সাংবাদিক ও সাহিত্যিক আবুল কালাম শামসুদ্দীন ।সংগৃহীত ছবি
আবুল কালাম শামসুদ্দীন সাংবাদিক ও সাহিত্যিক। ১৮৯৭ সালের ৩ নভেম্বর ময়মনসিংহ জেলার ত্রিশালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯১৯ সালে ঢাকা কলেজ থেকে আইএ পাস করার পর কলকাতার রিপন কলেজে বিএ শ্রেণিতে ভর্তি হন। কিন্তু ওই সময় খিলাফত ও অসহযোগ আন্দোলন শুরু হলে তিনি তাতে যোগ দেন এবং বিএ পরীক্ষা না দিয়ে কলকাতার গৌড়ীয় সুবর্ণ বিদ্যায়তন থেকে উপাধি পরীক্ষায় পাস করেন।

১৯২২ সালে মাসিক মোহাম্মদী পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবে তার সাংবাদিক জীবন শুরু হয়। পরে তিনি সাপ্তাহিক মোসলেম জগৎ, দি মুসলমান, দৈনিক সোলতান প্রভৃতি পত্রিকা সম্পাদনা করেন। ১৯৩৬ সালে দৈনিক আজাদে যোগদান করে তিনি ১৯৪০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৬৪ সালে প্রেস ট্রাস্ট অব পাকিস্তান পরিচালিত দৈনিক পাকিস্তানের সম্পাদক নিযুক্ত হয়ে ১৯৭২ সালে অবসরগ্রহণ করেন।

১৯২৭ সালে তিনি মুসলিম লীগের সদস্যপদও লাভ করেন। ১৯৪২ সালে কলকাতায় পূর্ব পাকিস্তান রেনেসাঁ সোসাইটি গঠিত হলে তিনি এর সভাপতিরূপে পাকিস্তান আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯৪৬ সালে মুসলিম লীগের মনোনয়ন নিয়ে তিনি ময়মনসিংহ থেকে কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। 


১৯৪৯ সালে পূর্ববঙ্গ সরকারের ভাষা কমিটির সদস্য হন। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে তিনি আইন পরিষদের সদস্যপদ ও মুসলিম লীগ সংসদীয় পার্টি ত্যাগ করেন। ২৩ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে প্রথমবার যে শহিদ মিনার নির্মিত হয়, আবুল কালাম শামসুদ্দীন তার উদ্বোধন করেন। 

আবুল কালাম রচিত ও অনূদিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ : পোড়োজমি বা অনাবাদি জমি, ত্রিস্রোতা, খরতরঙ্গ, দৃষ্টিকোণ, নতুন চীন নতুন দেশ, দিগ্বিজয়ী তাইমুর, ইলিয়ড, পলাশী থেকে পাকিস্তান, অতীত দিনের স্মৃতি ইত্যাদি। 

আত্মজীবনী হিসেবে অতীত জীবনের স্মৃতি তার উৎকৃষ্ট রচনা। দেশ, সমাজ ও সংস্কৃতি সম্পর্কে তার এ গ্রন্থ প্রত্যক্ষদর্শীর দলিল হিসেবে বিবেচিত হয়ে থাকে। তিনি সরকার কর্তৃক সিতারা-ই-খিদমত এবং সিতারা-ই-ইমতিয়াজ উপাধিতে ভূষিত হন। কিন্তু ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের সময় তিনি সরকারি দমননীতির প্রতিবাদে উভয় খেতাব বর্জন করেন। ১৯৭০ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৭৬ সালে একুশে পদক লাভ করেন। ১৯৭৮ সালের ৪ মার্চ তিনি মারা যান।

সময়ের আলো/এআর



  বিষয়:   সাহিত্যিক  মৃত্যুবার্ষিকী 


Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: