আধ্যাত্মিক আত্মসমালোচনা ও দুনিয়া-বিমুখতার দৃষ্টিভঙ্গি নিয়ে এবারের অমর একুশে বইমেলায় আলোচনায় এসেছে গবেষক ও লেখক রিয়াজুল হকের নতুন বই ‘দ্য এন্ডলেস ট্র্যাপ’।
স্বনামধন্য প্রকাশনা সংস্থা অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত বইটি মূলত দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তির আধ্যাত্মিক ও নৈতিক পরিণতি নিয়ে বিশদ গবেষণাধর্মী আলোচনা। লেখকের ভাষ্য অনুযায়ী, মানুষ যখন ক্ষণস্থায়ী পৃথিবীকে স্থায়ী আবাস মনে করে, তখনই সে নানা বিভ্রান্তি ও অন্তহীন ফাঁদের শিকার হয়। এই ‘ফাঁদ’-এর প্রকৃতি, কারণ ও প্রতিকার নিয়েই বইটির বিস্তৃত বিশ্লেষণ।
গ্রন্থটিতে পবিত্র কুরআন ও সহিহ হাদিসের উদ্ধৃতি, তাফসির-ভিত্তিক ব্যাখ্যা এবং বাস্তব জীবনের উদাহরণ তুলে ধরা হয়েছে। জটিল ধর্মতাত্ত্বিক আলোচনাকে সহজ ভাষায় উপস্থাপনের চেষ্টা করেছেন লেখক, যাতে সাধারণ পাঠকরাও বিষয়গুলো অনুধাবন করতে পারেন।
আরও পড়ুন
প্রকাশক মো. শাহাদাত হোসেনের মতে, পৃথিবী আসলে মানুষের চূড়ান্ত গন্তব্য নয়; বরং এটি এক সাময়িক সফর। এই চেতনা জাগ্রত করাই বইটির প্রধান লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, গ্রন্থটি পাঠকের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং আত্মিক সচেতনতা বাড়াবে।
দ্য এন্ডলেস ট্র্যাপ বইটি বইমেলার অন্বেষা প্রকাশনের ৬৩৩-৬৩৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। পাশাপাশি অনলাইন বই বিক্রয় প্ল্যাটফর্ম রকমারিতেও বইটি উপলভ্য।
উল্লেখ্য, দেশের কেন্দ্রীয় ব্যাংকে অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী রিয়াজুল হকের এটি সপ্তম ইসলামী গবেষণাধর্মী গ্রন্থ। প্রকাশের পর থেকেই বইটি পাঠকমহলে আগ্রহ তৈরি করেছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে আত্মশুদ্ধি ও জীবনদর্শন নিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এএডি/