প্রকাশিত হলো কথাসাহিত্যিক ফাতেমা জোহরার প্রথম গল্পগ্রন্থ ‘দহন দিনের গল্প’। ‘ঐতিহ্য’ থেকে প্রকাশিত বইটি চব্বিশের গণঅভ্যুত্থান এবং সমসাময়িক জীবনের দহনের এক মর্মস্পর্শী দলিল হিসেবে পাঠকের মনোযোগ আকর্ষণ করেছে।
‘দহন দিনের গল্প’ গ্রন্থে উঠে এসেছে ২৪-এর গণঅভ্যুত্থানের শহিদদের জীবনের একান্ত ব্যক্তিগত ও পারিবারিক মুহূর্তের অন্তরঙ্গ বিবরণ। পাশাপাশি গল্পগুলোতে স্থান পেয়েছে ব্যক্তিগত জীবনে বিপন্ন অসংখ্য মানুষের বাষ্পীভূত আর্তনাদ, না বলা অনুভূতি এবং খাপ না খাওয়া জীবনের নানা অচরিতার্থতার কাহিনি।
প্রকাশনা সংস্থা জানায়, বইয়ের গল্পগুলো পড়তে পড়তে পাঠক নিজেকে এমন এক দহনের ভেতর আবিষ্কার করবেন, যেখানে নিরাশা, বেদনা ও যাতনাই হয়তো চূড়ান্ত সত্য। এটি লেখকের প্রথম গল্পগ্রন্থ হলেও তার দক্ষ ও অবলীলায় সত্য তুলে ধরার ভঙ্গি পাঠককে মুগ্ধ করবে। লেখকের সহজাত গল্প বলার শৈলী পাঠককে বিস্ময়কর ও বিভীষিকাময় এক জগতের সঙ্গে পরিচিত করাবে, যেখানে লিঙ্গপরিচয় বা অভিজ্ঞতার স্বল্পতা ছাপিয়ে মূর্ত হয়ে উঠেছে জীবনের চরম সত্য।
‘দহন দিনের গল্প’ সম্পর্কে লেখক বলেন, সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের উপাখ্যান হল ‘দহন দিনের গল্প’। একটি গল্পের বাস্তবতার সাথে অন্য গল্পের বাস্তবতার সাদৃশ্য খুবই কম। এই বৈচিত্র্যই বইটির প্রাণ।
বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী সেলিম হোসেন সাজু। বইটি ঐতিহ্যের শোরুম এবং বিভিন্ন অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে। বইটির মূল্য রাখা হয়েছে ২৩০ টাকা।
সময়ের আলো/জেডআই