কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, শিশুসহ ৩২ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও র্যাব।
রোববার (৮ মার্চ) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালি জুম্মাপাড়া এলাকার কুখ্যাত মানবপাচারকারী মো. আব্দুল আলী এলাকার একটি পেঁপে বাগানে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে অনেক মানুষকে আটকে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, শনিবার দিবাগত মধ্যরাত ২টায় কোস্ট গার্ড ও র্যাবের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন বাগানে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা মোট ৩২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আন্তর্জাতিক পাচারকারী চক্রের সদস্যরা উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকার বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সংগ্রহ করে। এরপর তাদের মালয়েশিয়ায় পাচারের জন্য দুর্গম এলাকায় লুকিয়ে রাখে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
এফআর