হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে জাহাজ মালিক ও সংশ্লিষ্টরা প্রায় প্রতিদিনই যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কাছে সহায়তা চাইছেন। তবে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, এই মুহূর্তে তাদের পক্ষে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ইরানের পক্ষ থেকে হামলার উচ্চ ঝুঁকি থাকায় তারা এই অপারগতা প্রকাশ করেছে।
বার্তা সংস্থা রয়টার্স বুধবার (১১ মার্চ) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়ার কথা বললেও দেশটির নৌবাহিনীর অবস্থান সম্পূর্ণ ভিন্ন।
জাহাজ চলাচল সংশ্লিষ্ট তিনটি পৃথক সূত্র জানিয়েছে, তারা নিরাপত্তার বিষয়ে নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করলে তাদের জানানো হয় যে, বর্তমান পরিস্থিতিতে সুরক্ষা দেওয়া সম্ভব নয়। নৌবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, যখন হামলার ঝুঁকি কমে আসবে, কেবল তখনই তারা নিরাপত্তা প্রদানের বিষয়টি বিবেচনা করবে।
সময়ের আলো/আরবিএন