ক্যালেন্ডারের পাতায় প্রতিনিয়ত অসংখ্য দিন ও রাত আসে-যায়। প্রতিটি রাতই অন্ধকারে শুরু হয়ে আলোর দিকে এগিয়ে যায়, প্রতিটি দিনই আবার সন্ধ্যার অন্ধকারে মিলিয়ে যায়। কিন্তু সময়ের এই অবিরাম প্রবাহের মাঝেও কিছু মুহূর্ত আছে, যেগুলো সাধারণ সময়ের মতো নয়। সেগুলো যেন মহাকালের বুকে বিশেষভাবে চিহ্নিত, আকাশের দরজা খুলে দেওয়া এক অনির্বচনীয় আহ্বান। ইসলামের আধ্যাত্মিক পরিসরে শবে কদর এমনই এক বিস্ময়কর রজনি, যেখানে সময় যেন নতুন অর্থ পায়, আর মানুষের ক্ষুদ্র জীবনের ভেতরে প্রবেশ করে অসীম করুণা ও রহমতের আলো। এই রাতের সৌন্দর্য কেবল তার পবিত্রতায় নয়, বরং এর গভীরে নিহিত আছে মানুষের আত্মিক পুনর্জাগরণের এক বিরল সুযোগ। যে মানুষ বছরের অধিকাংশ সময় দুনিয়ার ব্যস্ততায় হারিয়ে থাকে, জীবনের হিসাব-নিকাশে নিমগ্ন থাকে, সেই মানুষও এই এক রাতে ফিরে আসতে পারে নিজের প্রকৃত পরিচয়ের দিকে একজন বান্দা হিসেবে, যে তার স্রষ্টার সামনে দাঁড়িয়ে বিনয়ভরে ক্ষমা প্রার্থনা করে।
পবিত্র কুরআন এই রাতকে এমন এক মর্যাদায় অভিষিক্ত করেছে, যা পৃথিবীর আর কোনো রাতের জন্য বর্ণিত হয়নি। সুরা আল কদরে আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন, ‘নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি শবে কদরে। তুমি জানো শবে কদর কি? শবে কদর হাজার মাসের চেয়েও উত্তম। সেই রাতে ফেরেশতাগণ ও রুহ (জিবরাঈল) অবতীর্ণ হন তাদের প্রতিপালকের অনুমতিক্রমে সব বিষয়ের জন্য। শান্তিই শান্তি, তা ফজর উদিত হওয়া পর্যন্ত’ (সুরা কদর : ১-৫)। এই আয়াতগুলো শুধু একটি রাতের মাহাত্ম্য ঘোষণা করে না, বরং সময়ের ধারণাকেই নতুনভাবে ব্যাখ্যা করে। হাজার মাস অর্থাৎ প্রায় তিরাশি বছরেরও বেশি সময়। মানুষের একটি পূর্ণ জীবনের সমান সময়। অথচ আল্লাহ ঘোষণা করছেন, একটি রাত সেই দীর্ঘ সময়ের চেয়েও উত্তম। এর অর্থ হচ্ছে, শবে কদর মানুষের জন্য এমন এক আধ্যাত্মিক সম্ভাবনা সৃষ্টি করে, যা সাধারণ সময়ের সীমাকে অতিক্রম করে যায়।
শবে কদরের সঙ্গে জড়িয়ে আছে মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ঘটনা পবিত্র কুরআনের নাজিল হওয়া। আল্লাহ তায়ালা সুরা আদ দুখানে বলেছেন, ‘নিশ্চয়ই আমি এটিকে নাজিল করেছি এক বরকতময় রাতে’ (সুরা দুখান : ৩)। তাফসিরকারকদের মতে, এই বরকতময় রাতই শবে কদর। অর্থাৎ মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ হেদায়েত গ্রন্থের অবতরণের সূচনা এই রাতেই হয়েছিল। কুরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়; এটি মানবসভ্যতার জন্য নৈতিকতা, ন্যায়বিচার ও মানবিকতার এক পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। তাই শবে কদর কেবল একটি আধ্যাত্মিক রাত নয়, এটি মানবতার ইতিহাসে এক আলোকবর্তিকার সূচনা রজনি।
হাদিসের বর্ণনাতেও শবে কদরের গুরুত্ব অত্যন্ত সুস্পষ্ট। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় শবে কদরে ইবাদতে দাঁড়াবে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে’ (সহিহ বুখারি, সহিহ মুসলিম)। এই হাদিসের মধ্যেই লুকিয়ে আছে শবে কদরের প্রকৃত দর্শন। এখানে শুধু ইবাদতের কথা বলা হয়নি, বলা হয়েছে ঈমান এবং সওয়াবের প্রত্যাশার কথা। অর্থাৎ এই রাতের ইবাদত হতে হবে আন্তরিকতা ও বিশ্বাসের সঙ্গে। কেবল আনুষ্ঠানিক নামাজ বা কিছু সময় জেগে থাকা নয়, বরং হৃদয়ের গভীর থেকে আল্লাহর দিকে ফিরে আসাই শবে কদরের মূল উদ্দেশ্য।
শবে কদর মানুষের জন্য আত্মসমালোচনার এক বিরল সুযোগ। মানুষের জীবন সাধারণত নানা ব্যস্ততায় আবদ্ধ। কর্মজীবন, পরিবার, সামাজিক সম্পর্ক সব মিলিয়ে মানুষ প্রায়ই নিজের অন্তরের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে। অথচ মানুষের প্রকৃত শান্তি নিহিত আছে তার আত্মিক জগতে। শবে কদর সেই আত্মিক জগতের দরজা আবার খুলে দেয়। এই রাতে যখন একজন মুমিন নির্জনে দাঁড়িয়ে নামাজ পড়ে, কুরআন তেলাওয়াত করে এবং আল্লাহর কাছে দোয়া করে, তখন তার হৃদয়ের গভীরে জমে থাকা সব ক্লান্তি ধীরে ধীরে দূর হয়ে যায়। তার মনে হয় যেন দীর্ঘদিনের ভারী বোঝা নেমে গেছে। এই অনুভূতিই শবে কদরের এক বিশেষ প্রাপ্তি।
রাসুলুল্লাহ (সা.) নিজেও এই রাতকে অত্যন্ত গুরুত্ব দিতেন। আয়েশা (রা.) বর্ণনা করেছেন, ‘রমজানের শেষ দশ রাত এলে রাসুলুল্লাহ (সা.) রাত জেগে ইবাদত করতেন, পরিবারকে জাগিয়ে দিতেন এবং ইবাদতে অধিক পরিশ্রম করতেন’ (সহিহ বুখারি)। এই হাদিসে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছেÑ শবে কদর কোনো অলসতার রাত নয়, এটি অনুসন্ধানের রাত। রাসুলুল্লাহ (সা.) নিজেই শেষ দশ রাতকে বিশেষভাবে গুরুত্ব দিতেন এবং মুসলমানদেরও এই সময় অধিক ইবাদতের প্রতি উৎসাহিত করতেন।
শবে কদরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তওবা ও ক্ষমা। মানুষ স্বভাবতই ভুল করে, পাপ করে, কখনো কখনো পথভ্রষ্ট হয়ে পড়ে। কিন্তু ইসলামের সৌন্দর্য হলো আল্লাহর কাছে ফিরে আসার দরজা কখনো বন্ধ হয় না। শবে কদর সেই প্রত্যাবর্তনের এক উজ্জ্বল সুযোগ। আয়েশা (রা.) একবার রাসুলুল্লাহ (সা.)-কে জিগ্যেস করেছিলেন, যদি তিনি শবে কদর লাভ করেন, তা হলে কী দোয়া করবেন। রাসুলুল্লাহ (সা.) তাকে একটি দোয়া শিখিয়েছিলেন, ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন’ (তিরমিজি)। এই সংক্ষিপ্ত দোয়াটি আসলে শবে কদরের সারমর্ম। মানুষের সবচেয়ে বড় প্রয়োজন আল্লাহর ক্ষমা। কারণ মানুষের জীবনে যত সাফল্যই থাকুক, যদি আল্লাহর ক্ষমা না থাকে, তবে সেই সাফল্যের কোনো প্রকৃত মূল্য নেই। শবে কদরের আরেকটি বৈশিষ্ট্য হলো শান্তি। পবিত্র কুরআনে বলা হয়েছে, সেই রাত ‘সালাম’, অর্থাৎ শান্তিময়। এটি শুধু বাহ্যিক শান্তি নয়, বরং অন্তরের গভীর প্রশান্তি। একজন মুমিন যখন আল্লাহর স্মরণে ডুবে যায়, তখন তার হৃদয়ে এমন এক প্রশান্তি নেমে আসে যা পৃথিবীর কোনো সম্পদ দিয়ে কেনা যায় না।
আজকের পৃথিবীতে মানুষ যত উন্নত প্রযুক্তি অর্জনই করুক, যত অর্থ-সম্পদই অর্জন করুক, অন্তরের শান্তির প্রশ্নে সে প্রায়ই অসহায়। যুদ্ধ, সংঘাত, লোভ, ক্ষমতার প্রতিযোগিতা সব মিলিয়ে পৃথিবী যেন ক্রমেই অস্থির হয়ে উঠছে। এই অস্থিরতার ভেতরে শবে কদরের শিক্ষা মানুষকে স্মরণ করিয়ে দেয় যে প্রকৃত শান্তি আসে আল্লাহর স্মরণ থেকে। একজন মুমিনের জন্য শবে কদর তাই কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি আত্মার পুনর্জন্মের মুহূর্ত। এই রাতে সে নিজের অতীতকে নতুনভাবে মূল্যায়ন করে, ভুলগুলো স্বীকার করে এবং ভবিষ্যতের জন্য নতুন সংকল্প গ্রহণ করে। তার হৃদয়ে জন্ম নেয় নতুন আশা, আল্লাহর করুণা তাকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে পারে।
সময়ের প্রবাহে রাত শেষ হয়ে যায়, ফজরের আলো উদিত হয়, পৃথিবী আবার স্বাভাবিক জীবনের ব্যস্ততায় ফিরে যায়। কিন্তু শবে কদরের প্রকৃত প্রাপ্তি তখনই অর্থবহ হয়, যখন সেই রাতের উপলব্ধি মানুষের জীবনে স্থায়ী প্রভাব ফেলে। যদি এই রাত মানুষের হৃদয়ে নতুন আলো জ্বালাতে পারে, যদি তার চরিত্রে নতুন পরিবর্তনের সূচনা করে, তবে সেই রাত সত্যিই হয়ে ওঠে এক মহান প্রাপ্তি। শবে কদর তাই কেবল একটি নির্দিষ্ট তারিখের অপেক্ষা নয়, এটি মূলত মানুষের হৃদয়ের এক আধ্যাত্মিক যাত্রা। যে হৃদয় আল্লাহর দিকে ফিরে যেতে চায়, যে আত্মা সত্যের আলো খুঁজে বেড়ায়, সেই হৃদয়ের জন্য শবে কদর এক অনন্ত সম্ভাবনার নাম। সেই সম্ভাবনা মানুষকে স্মরণ করিয়ে দেয় মানুষ যত সীমাবদ্ধই হোক, আল্লাহর রহমত সীমাহীন। এই সীমাহীন রহমতের দোরগোড়ায় দাঁড়িয়ে একজন মুমিন যখন হাত তোলে, তখন তার দোয়া শুধু ব্যক্তিগত মুক্তির জন্য নয়; বরং পুরো মানবতার জন্য কল্যাণের প্রার্থনায় রূপ নেয়। আর তখনই শবে কদর হয়ে উঠে শুধু একটি রাত নয়, বরং মানুষের আত্মিক জাগরণের এক অনন্ত আলোকবর্তিকা-বিশ্বাসীদের জীবনে সত্যিই এক মহান প্রাপ্তি।
লেখক : এমফিল গবেষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়
সময়ের আলো/এনএ