রান্না করা ও কাচা মাংস একত্রে সংরক্ষণ, খাবারে কেওড়া জলের ব্যবহার, লেবেল বিহীন বোরহানি ও কাচা মাংস একত্রে সংরক্ষণের অপরাধে হবিগঞ্জ শহরের কাচ্চি ডাইন, গ্র্যান্ড নবাব রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারসহ পাঁচটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।
শুক্রবার (১৩ মার্চ) বিকালে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহেদুল আলম এ অভিযান পরিচালনা করেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. সাকিব হোসাইন জানান, শুক্রবার বিকালে জেলার চারটি প্রতিষ্ঠানে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাচ্চি ডাইনে লেভেল বিহীন বোরহানি কাচা মাংসের ফ্রিজে সংরক্ষণ, গরু এবং খাসির মাংস একত্রে সংরক্ষণসহ বিভিন্ন অপরাধে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন
এছাড়া ভাদৈ এলাকায় গ্র্যান্ড নবাব এন্ড পার্টি সেন্টারে বাসি বিরিয়ানি ও পোলাও সংরক্ষণ, নিষিদ্ধ কেওড়া জলের ব্যবহার, রান্না করা এবং কাচা মাংস একত্রে ফ্রিজে সংরক্ষণের অপরাধে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সময়ে কিউরিয়াস রেস্টুরেন্ট, নোভা সুপারসপসহ তিনটি প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকাসহ মোট ৯০হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ, সেনাবাহিনী, র্যাব ও পুলিশের একটি দল সহায়তা করেন।
এএডি/