প্রতিটি মহল্লা থেকে কমপক্ষে একজন দশ দিনের জন্য মসজিদে ইতিকাফে বসা সুন্নতে মুয়াক্কাদায়ে কেফায়া। কেউ না বসলে এলাকার সবাই সুন্নত তরকের কারণে গুনাহগার হবেন। ইতিকাফে যিনি বসবেন, তার কর্তব্য পুরো সময় মসজিদের সীমানার ভেতরে অতিবাহিত করা।
পরিবার ও এলাকাবাসী সাধ্যমতো তার সেবা করবে। সুন্নত ইতিকাফকারী জানাজার নামাজের জন্য মসজিদের বাইরে গেলে তার ইতিকাফ ভেঙে যাবে।
হাদিস শরিফে এসেছে, হজরত আয়েশা (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) বলেন, ‘ইতিকাফকারীর জন্য নিয়ম হলো, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে না এবং (মসজিদের বাইরে) জানাজার নামাজে শরিক হবে না’ (আবু দাউদ : হাদিস ২৪৬৫)।
তবে ইতিকাফকারীর জন্য কোনো কারণে বাইরে অনুষ্ঠিত জানাজায় শরিক হওয়া আবশ্যক হলে, যেমন জানাজা পড়ানোর জন্য যদি আর কেউ না থাকে তা হলে যেতে পারবে। তবে এ কারণে তার ওই দিনের ইতিকাফ নষ্ট হয়ে যাবে এবং সুন্নত ইতিকাফও থাকবে না।
এ ক্ষেত্রে তাকে এক দিন রোজা অবস্থায় ইতিকাফের কাজা করতে হবে। (আলমুহিতুল বুরহানি : ৩/৩৮০; ফাতাওয়া তাতারখানিয়া : ১/২২২; রদ্দুল মুহতার : ২/৪৪৫; ফাতাওয়া আলমগিরি : ১/২১২)
সময়ের আলো/কেএইচও