মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত হাসপাতালটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনের সময় হাসপাতালের সেবার মান, চিকিৎসকদের উপস্থিতি এবং সামগ্রিক পরিচ্ছন্নতা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।
পরিদর্শনকালে মন্ত্রী অপারেশন থিয়েটার, রোগীসেবা, স্টোর রুম, বাথরুম এবং হাসপাতাল চত্বরের পরিচ্ছন্নতা সরাসরি পর্যবেক্ষণ করেন।
তিনি জানান, এই হাসপাতালে অনুমোদিত ৩২ জন চিকিৎসকের মধ্যে ১২ জন সংযুক্ত (অ্যাটাচমেন্টে) আছেন এবং ৪ জন অনুপস্থিত। মাত্র ১৫ জন চিকিৎসক দিয়ে এত বড় একটি হাসপাতাল পরিচালনা করা অত্যন্ত কঠিন বলে তিনি মন্তব্য করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী হাসপাতালে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি জানান, রোগীদের হয়রানি করা এই দালালদের দ্রুত আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে অ্যাম্বুলেন্স নিয়ে দালালি এবং দায়িত্বহীনভাবে অনুপস্থিত থাকা চিকিৎসকদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত স্বাস্থ্যখাত গড়ে তোলা এবং গ্রামীণ জনগণের দোরগোড়ায় হয়রানিমুক্ত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য।
হাসপাতাল পরিদর্শন শেষে সিংগাইর পৌরসভা আয়োজিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন সরদার মো. সাখাওয়াত হোসেন।
পরে তিনি নিজে হাসপাতাল চত্বরের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিনসহ উপজেলা প্রশাসন ও হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তারা।
সময়ের আলো/আরবিএন