মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে হামলার দাবি জানিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা এবার ইসরাইলের একটি গুরুত্বপূর্ণ পুলিশ ইউনিটের সদর দপ্তর এবং একটি স্যাটেলাইট যোগাযোগ স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
রোববার (১৫ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সামরিক বিবৃতিতে বলা হয়, ইসরাইলের বিশেষ পুলিশ ইউনিট লাহাভ ৪৩৩-এর সদর দপ্তর এবং গিলাত প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্য করে ‘শক্তিশালী ড্রোন হামলা’ পরিচালনা করা হয়েছে।
তবে হামলার সুনির্দিষ্ট অবস্থান, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আরও পড়ুন
আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে এই হামলার দাবি সামনে এলো। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে, যেখানে যুক্তরাষ্ট্রকেও সংঘাতে জড়িয়ে পড়ার অভিযোগ করা হয়। এরপর থেকে ধারাবাহিকভাবে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।
ইরানের দাবি, তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোকে লক্ষ্য করে প্রতিক্রিয়া জানাচ্ছে। এই সংঘাতের প্রভাব ইতোমধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারেও পড়েছে। বিশেষ করে বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজে উত্তেজনা বৃদ্ধির কারণে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।
বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
এএডি/