মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চুনা কারখানা চালুর অপচেষ্টা রুখে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুড়াচক বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে নির্মাণাধীন একটি অবৈধ চুন কারখানা উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।
সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় একটি অসাধু চক্র তিতাস গ্যাসের মূল লাইন থেকে অবৈধ সংযোগ নিয়ে চুনা কারখানা পরিচালনা করছিল। এমন সংবাদের ভিত্তিতে গত দুই দিন ধরে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে সাঁড়াশি অভিযান চালায় উপজেলা প্রশাসন।
গতকাল বুধবার দিনব্যাপী অভিযানে উপজেলার ভাটেরচর নতুন রাস্তা ও বালুয়াকান্দি এলাকার দুটি অবৈধ চুন কারখানা এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আজ বাউশিয়া পূর্ব নয়াকান্দি এলাকায় নতুন চালু হতে যাওয়া এই কারখানাটি উচ্ছেদ করা হয়।
অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, গজারিয়ার কয়েকটি এলাকায় বিচ্ছিন্নভাবে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনার খবর পেয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। গ্যাস একটি জাতীয় সম্পদ, যা রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, যারা এই অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত এবং যারা কারখানা স্থাপনের জন্য জমি ভাড়া দিয়েছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে এলাকাবাসীকে এ ধরনের অবৈধ কাজের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।
এফআর