সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন কয়েকটি গ্রামের মুসল্লিরা। শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টায় উপজেলা শহরের ফুটবল মাঠ এলাকায় এ ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
নামাজে ইমামতি করেন মওলানা হাবিবুল্লাহ।
এতে উপজেলার দখলপুর, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়িয়া, পারফলসী, পায়রাডাঙ্গা, ভালকী, কুলবাড়িয়া ও শীতলীসহ পাশের শৈলকূপা উপজেলার আসাননগর এলাকা থেকে প্রায় ৭০ জন মুসল্লি অংশ নেন।
মুসল্লিরা জানান, তারা ২০০৫ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ জামাত আয়োজন করে আসছেন। এরই ধারাবাহিকতায় এবারও তারা একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন।
নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং বিশ্বব্যাপী অস্থিতিশীলতা থেকে মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সময়ের আলো/জোই