রাজধানীর লালবাগে প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ফারহান রহমান জিহাদ (১৭) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রোববার (২২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে লালবাগ পোস্তা শাহী মসজিদের পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে, রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত জিহাদের ভাই ফাহিম রহমান রুদ্র জানান, তারা লালবাগ পোস্তা এলাকায় একটি ভবনের চারতলায় ভাড়া থাকেন। জিহাদ ইসলামবাগ আইডিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর উপজেলায়।
জিহাদের সঙ্গে তার স্কুলের একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। রোববার দুপুরে তারা একসঙ্গে বাইরে ঘুরতেও গিয়েছিল। বিকেলে বাসায় ফেরার পর সন্ধ্যার দিকে মোবাইল ফোনে ওই মেয়ের সঙ্গে জিহাদের ঝগড়া হয়। এক পর্যায়ে মেয়েটি জিহাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানায়।
রুদ্র আরও জানান, অভিমানে জিহাদ ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ ডাকাডাকি পরও দরজা খুলে না। পরে দরজা ভেঙে দেখা যায়, জিহাদ ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে। এরপর তাকে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জিহাদকে মৃত করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে ওই ছাত্রকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি লালবাগ থানা পুলিশ তদন্ত করছে।
এফআর