জামালপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় তিন হাজার লিটার পেট্রোলসহ ১১ জন তেল পাচারকারীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
বুধবার (২৫ মার্চ) জামালপুর সদর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে, এদিন ভোরে সদর উপজেলার কালিবাড়ী বাজার এলাকায় ওই পাচারকারীদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোররাতে কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে ১৫টি ড্রামভর্তি পেট্রোল অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী গাড়িগুলো থামিয়ে তল্লাশি চালায়। এসময় বিপুল পরিমাণ পেট্রোল দেখতে পেয়ে তারা গাড়ি ও ড্রামসহ ১১ জনকে হাতেনাতে আটক করে।
আটক ব্যক্তিরা হলো- জামালপুরের মেলান্দহ উপজেলার হাকিম মিয়া (৪০), হামিদুর রহমান(৫২), মো. মারুফ হোসেন (২৪), সদর উপজেলার হাফিজুর রহমান (৪০), মাদারগঞ্জ উপজেলার মো. শাহ জামাল (৫০), আলতাফুর রহমান (৪৮), সরিষাবাড়ী উপজেলার মো. জুগলু মিয়া (৪৪), মো.জহুরুল ইসলাম (৪৫), মো. সবুজ মিয়া (৪০) এবং বগুড়া জেলার ফুল মিয়া (৩৮) ও মনির হোসেন (৪৫)।
ওসি মো. মিজানুর রহমান বলেন, এলাকাবাসী ভোর রাতে ১১ জনকে পেট্রোলসহ আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেলে তাদেরকে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, খোলা বাজারে অধিক মূল্যে বিক্রির জন্য এই পেট্রোলগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। তবে তেল কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কোথায় পাচার করা হচ্ছিল, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এফআর