সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেছেন, ঘাট ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য সরকারের হাতে বহু পরিকল্পনা রয়েছে। সরকার সড়ক ও নদীপথে যান চলাচল এবং উন্নয়ন ব্যবস্থাপনায় একটি পরিবর্তন আনার চেষ্টা করছে। ঈদ উৎসবের সময়েও সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে বাস ডুবির উদ্ধার অভিযান পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় অব্যবস্থা চলে আসছে। বাংলাদেশ সরকার ক্ষমতায় বসে এই অঞ্চলের নদী ভাঙন রোধ এবং ঘাট ব্যবস্থার উন্নয়নের জন্য বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিএসির কর্মকর্তাদের সঙ্গে কাজ করছে। তারা গভীরভাবে পরীক্ষা করে দেখছে, যাতে ভবিষ্যতে ঘাট ব্যবস্থাপনাকে আরও ভালো করা যায়।
প্রতিমন্ত্রী বলেন, দৌলতদিয়া মারাত্মক বাস ডুবির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশ সরকার এই দুর্ঘটনার পরপরই তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। এখানে সংশ্লিষ্ট বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিএসিসহ ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং স্থানীয় রাজনৈতিক দলের কর্মকর্তারা সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের সহযোগিতায় উদ্ধার কাজ প্রায় শেষ পর্যায়ে এসেছে। এখনও উদ্ধার অভিযান চলছেই। এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা আশা করি, খুব শীঘ্রই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সড়ক দুর্ঘটনা রোধ এবং জলপথ ও নৌপথে সকল ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার অভিযান এখনও চলমান আছে।
প্রতিমন্ত্রী জানান, ২-৩ দিন পরেও ডেড বডি পাওয়া যাচ্ছে। আশা করি আরও ১-২ দিনের মধ্যে উদ্ধার কার্যক্রম সম্পন্ন হবে। উদ্ধার অভিযান শেষে আমরা সবাইকে বিস্তারিত জানাব।
এসময় নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিএসিসহ গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।