শক্তিতে অনেক পিছিয়ে থাকা মৌরিতানিয়ার বিপক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা। বুয়েন্স আয়ারসে বাংলাদেশ সময় শনিবার ভোরে শুরু হওয়া ম্যাচে ২-১ গোলে জিতেছে স্কালোনির দল।
শেষ মুহূর্তে মৌরিতানিয়ার ধাক্কার পরও এ জয় হয়তো আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কাছে খুব একটা মধুর লাগবে না। তবে মৌরিতানিয়ার ডিফেন্ডার জর্ডান লেফোর্ট এই ম্যাচ কখনো ভুলবেন না।
এদিন ফিনালিস্সিমায় ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হওয়ার কথা ছিল কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। তবে ইরান যুদ্ধে নিরাপত্তা শঙ্কায় কাতার থেকে ম্যাচ সরিয়ে নেওয়া হয়। নতুন ভেন্যু নিয়ে উয়েফা ও কনমেবল একমত হতে না পারায় বাতিল হয়ে যায় ওই ম্যাচ।
তড়িঘড়ি করে প্রতিপক্ষ হিসেবে মৌরিতানিয়াকে বেছে নেয় আর্জেন্টিনা।
লা বোম্বোনেরায় আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে আফ্রিকার দলটিকে বেশ চাপে রাখা স্বাগতিকরা এগিয়ে যায় সপ্তদশ মিনিটে। ডান দিক থেকে নাহুয়েল মোলিনার ক্রসে হুলিয়ান আলভারেসের ডামিতে পেনাল্টি স্পটের কাছে বল পান ফের্নান্দেস। গতিময় শটে চেলসি মিডফিল্ডার অনায়াসে খুঁজে নেন জাল।
চার মিনিট পর সমতা ফেরানোর সুযোগ পান ইব্রাহিমা কেইটা। তার বাঁকানো শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
৩২তম মিনিটে চমৎকার ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাস। তাকেই ফাউল করায় বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পায় আর্জেন্টিনা। ২১ বছর বয়সী মিডফিল্ডারের দেশের হয়ে এটাই প্রথম গোল।
চার মিনিট পর পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে ঠিকঠাক শট নিতে পারেননি পাস। নষ্ট হয় চমৎকার সুযোগ।
৪৪তম মিনিটে ওমার এনগমের শট ফিরিয়ে ব্যবধান ধরে রাখেন আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।
বিরতির পর মাঠে নামেন তরুণ ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও মিডফিল্ডার রদ্রিগো দে পলের সঙ্গে মাঠে নামেন মেসি। মাঠ ছাড়েন নিকো গনসালেস, পাস ও আলভারেস।
৫৪তম মিনিটে একটুর জন্য জালের দেখা পাননি মেসি। তার বাঁকানো শট একজনের গায়ে লেগে পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়! সাত মিনিট পর একটুর জন্য দে পলের বাড়ানো বলের নাগাল পাননি মেসি।
৬৫তম মিনিটে আবুবাকারি কোইটার গতিময় শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন মার্তিনেস। আক্রমণ ও পাল্টা আক্রমণে বেশ জমে ওঠে ম্যাচ। ৮৯তম মিনিটে ক্রিস্তিয়ান রোমেরোকে কাটিয়ে সামনে এগিয়ে যান সুলেমানে আনে। কিন্তু মার্তিনেসকে পরাস্ত করতে পারেননি তিনি।
যোগ করা সময়ে ব্যবধান কমান লেফোর্ট। ফ্রি কিকের পর জটলার মধ্যে বল পেয়ে আড়াআড়ি শটে মার্তিনেসকে পরাস্ত করেন তিনি। ম্যাচে এটাই ছিল শেষ শট।
আগামী মঙ্গলবার জাম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
সময়ের আলো/এআর