চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গাছ ও বালু বোঝাই গাড়ি থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ চলাকালে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিতে দেখা যায়। এতে পুরো এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়ক হয়ে পূর্বদিক থেকে আসা কাঠবোঝাই ট্রাক থেকে এক হাজার ও বালুবোঝাই ট্রাক থেকে ৫০০ টাকা চাঁদা নেওয়া হয়।
২০২৪ সালের ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর চাঁদা তোলার নেতৃত্ব দিচ্ছে স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ আলমগীর ও স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ কালা।
তবে গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর আলমগীর ও মাসুদ কালাকে সরিয়ে সেখানে নুর উদ্দিনসহ কয়েকজনকে টাকা তোলার দায়িত্ব নেয়। এরপর থেকে দুই গ্রুপের মধ্যে ঝামেলা চলে আসছে।
মঙ্গলবার চাঁদা তোলার দায়িত্বে থাকা ফারুকের ওপর হামলা করে আলমগীরের লোকজন। হামলার খবর পেয়ে ফারুকের পক্ষের লোকজন ছুটে এলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ফরেস্ট অফিস এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ট্রাক-বালুর গাড়ি থেকে চাঁদা আদায়, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডকে ঘিরে বিএনপি দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জেরে মঙ্গলবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এফআর