মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমন এবং রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে একজোট হয়েছে এশিয়ার দুই শক্তিধর দেশ চীন ও পাকিস্তান।
মঙ্গলবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দারের মধ্যে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এই ঐতিহাসিক ৫ দফা শান্তি প্রস্তাব ঘোষণা করা হয়।
যৌথ বিবৃতিতে দুই দেশই অবিলম্বে সংঘাত বন্ধ করে আলোচনার টেবিলে বসার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পারস্য উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং সংঘাতকে আঞ্চলিক মহাযুদ্ধে রূপ নেওয়া থেকে রক্ষা করা। দুই দেশের প্রস্তাবগুলো হল...
১. অবিলম্বে শত্রুতা বন্ধ করা। সংঘাত যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য কাজ করা।
২. ইরান ও উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু করা। এই আলোচনা শুরু করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমর্থন করবে চীন ও পাকিস্তান।
৩. বেসামরিক নাগরিক ও স্থাপনায় হামলা বন্ধ করা।
৪. হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের পথ নিরাপদ করা।
৫. জাতিসংঘ সনদের সঙ্গে মিল রেখে একটি সমন্বিত শান্তি কাঠামো অবশ্যই তৈরি করা।
সময়ের আলো/এআর