ইরানে চলমান মার্কিন-ইসরায়েলি হামলায় একটি মানসিক হাসপাতাল এবং ক্যানসার চিকিৎসার ওষুধ উৎপাদনকারী কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের অন্যতম বৃহৎ ক্যানসারবিরোধী ও অ্যানেসথেটিক ওষুধ উৎপাদনকারী একটি কারখানায়ও হামলা চালানো হয়। এই কারখানা দেশটির চিকিৎসা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র হিসেবে পরিচিত।
এতে আরও জানানো হয়েছে, এই ঘটনায় স্বাস্থ্যসেবা খাতে গুরুতর প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা সংস্থা।
এর আগে সোমবার রাতে রাজধানী তেহরানে নতুন নির্মিত দেলারাম সিনা মানসিক হাসপাতালে হামলা চালানো হয়। ওই হামলার সময় হাসপাতালে প্রায় ৩০ জন রোগী উপস্থিত ছিলেন।
হামলার বিষয়ে জানতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করেছে প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএন। তবে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সময়ের আলো/কেএইচও