বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে অঙ্গীকার করেছে সৌদি আরব। এ জন্য বাংলাদেশের কিছু টেকনিক্যাল ট্রেনিং স্কুলকে সৌদি আরবের তত্ত্বাবধানে ঢেলে সাজানো হবে। পাশাপাশি অভিবাসনপ্রত্যাশী কর্মীদের আরবি ভাষা প্রশিক্ষণের জন্য ঢাকার পক্ষ থেকে রিয়াদের কাছে অনুরোধ জানান হয়েছে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনের সাইডলাইনে গত সোমবার সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপমন্ত্রী ড. তারিক বিন আব্দুল আজিজের সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ওই বৈঠকে এমন আলোচনা হয়েছে।
জেনেভা থেকে বাংলাদেশি মিশন জানিয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বাংলাদেশ থেকে সৌদি আরবে জনশক্তি রফতানির পাশাপাশি বাংলাদেশে অর্জিত দক্ষতার
স্বীকৃতি চেয়ে দেশটির প্রতি অনুরোধ জানিয়েছেন।
এ সময় প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারও বৈঠকে অংশ নেন।
বৈঠকে সৌদি উপমন্ত্রী আইএলওতে সৌদি আরবের বিরুদ্ধে আনীত কতিপয় মামলার আলোচনায় বাংলাদেশ স্থায়ী মিশনের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি রাজ পরিবারের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। মন্ত্রী সম্প্রতি মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে সৌদি উপমন্ত্রী বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আরও বলেন, বাংলাদেশি শ্রমিকরা সৌদি আরবের উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে সৌদি সরকারের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির আশা ব্যক্ত করেন। বৈঠকে সৌদি উপমন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান।
সময়ের আলো/আআ