সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের ঝড়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে হোয়াইট হাউস স্পষ্টভাবে জানিয়েছে- প্রেসিডেন্ট হাসপাতালে ভর্তি হয়েছেন, এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।
শনিবার (৪ এপ্রিল) সকালে প্রেসিডেন্টের অফিসিয়াল সূচিতে ‘এক্সিকিউটিভ টাইম’ উল্লেখ থাকার পর থেকেই জল্পনা শুরু হয়।
এরপর দিনভর জনসমক্ষে তার অনুপস্থিতি সামাজিক মাধ্যমে নানা প্রশ্নের জন্ম দেয়। কিছু পোস্টে দাবি করা হয়, তাকে ওয়াল্টার রিড হাসপাতালে নেওয়া হয়েছে এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন
তবে দ্রুতই এসব তথ্য নাকচ করে দেয় হোয়াইট হাউসের র্যাপিড রেসপন্স টিম। তাদের বক্তব্য, প্রেসিডেন্টের স্বাভাবিক কর্মসূচির সামান্য পরিবর্তনকে কেন্দ্র করে ‘ষড়যন্ত্র তত্ত্ব’ ছড়ানো হচ্ছে। একইসঙ্গে যোগাযোগ পরিচালক স্টিভেন চুং জানান, ট্রাম্প ইস্টার ছুটির সময়ও নিয়মিতভাবে দায়িত্ব পালন করছেন এবং হোয়াইট হাউসেই অবস্থান করছেন।
স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা ও সংবাদমাধ্যমগুলোর অনুসন্ধানেও হাসপাতাল সংশ্লিষ্ট কোনো অস্বাভাবিক কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়নি। ফলে ট্রাম্পের হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি নিছক গুজব বলেই নিশ্চিত হওয়া গেছে।
বিশ্লেষকদের মতে, উচ্চপ্রোফাইল নেতাদের ক্ষেত্রে স্বাস্থ্যসংক্রান্ত যে কোনো গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়ে, বিশেষ করে যখন তথ্যের ঘাটতি থাকে। ৭৯ বছর বয়সী এই প্রেসিডেন্টকে ঘিরে জনমনে আগ্রহও তুলনামূলক বেশি, যা এমন গুজবের বিস্তারে ভূমিকা রাখে।
এএডি/