চট্টগ্রামের ফটিকছড়িতে ইটভাটার খনন করা গর্তে পড়ে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৫ মার্চ) সকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব-ফটিকছড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, ওই এলাকার বাড়ির হাবিবুর রহমানের ৯ বছরের মেয়ে সাকি আকতার এবং একই এলাকার জাকির হোসেনের ৮ বছরের মেয়ে সানজিদা আকতার। তারা দুইজনই ভুজপুর আল মাহাদুল ইসলাম বালক-বালিকা মাদ্রাসার নূরানী বিভাগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালে দুই শিশু মাদ্রাসায় যায়। ফেরার পথে খেলতে গিয়ে ইটভাটার গভীর গর্তে পড়ে যায়। তাদের চিৎকারে পথচারীরা তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে ইটভাটার মাটি খনন করা গর্তগুলোই মূলত এই দুই শিশুর মৃত্যুর কারণ। ইটভাটা মালিকেরা যে যার মতো করে মাটি খনন করে। তারা কোনো আইনকেই তারা তোয়াক্কা করে না।
দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের পক্ষে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য অনুমতি প্রার্থনা করেছেন। এ ছাড়া তারা কোনো ইটভাটা মালিকের বিরুদ্ধে এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই