আসিফ মাহমুদের নতুন অভিযোগ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

অক্টোবর ২০২৫ সালে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে এনএসসি গঠিত স্বাধীন তদন্ত কমিটি রোববার তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

2026-04-06T05:44:11+00:00
2026-04-06T05:44:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
আসিফ মাহমুদের নতুন অভিযোগ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৫:৪৪ এএম 
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সংগৃহীত ছবি
অক্টোবর ২০২৫ সালে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে এনএসসি গঠিত স্বাধীন তদন্ত কমিটি রোববার তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের এই কমিটি প্রতিবেদনটি হস্তান্তর করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির এবং এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসানের কাছে।

তবে তদন্ত প্রক্রিয়ায় একটি বড় অনুপস্থিতি ছিল- তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তদন্ত কমিটির চেয়ারম্যান নিজেই জানিয়েছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি সহযোগিতা করেননি। প্রতিবেদন জমা দেওয়ার পর বিচারপতি আসাদুজ্জামান বলেন, ‘আসলে ডেকেছিলাম বলতে, তার কোনো বক্তব্য বা তিনি কিছু বলতে চান কি না, সে জন্য। তাকে ‘অ্যাকিউজ’ করার জন্য না। তাকে সময় দিয়ে ডাকা হয়েছিল, তিনি আমাদের কাছে আসেননি।’

এই মন্তব্যের জবাবও দিয়েছেন আসিফ মাহমুদ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি লেখেন, ‘যখন আমাকে তদন্ত কমিটি থেকে সাক্ষাৎকারের বিষয়ে জানানো হলো, উচ্চ আদালতে বিচারাধীন বিষয় এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিষয়ে তারা তদন্ত করতে পারেন কি না জানতে চেয়ে কোনো সদুত্তর পাইনি। কীভাবে সরকার চালাতে হয়, কীভাবে প্রজ্ঞাপন দিতে হয়, কোনটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কোনটা বিচারাধীন বিষয়, কোনটা আদালত অবমাননা- এটি হয়তো আপনারা বোঝেন না অথবা তোয়াক্কা করেন না। আমি তো আর জেনে-বুঝে এসব নিয়মবহির্ভূত আর আদালত অবমাননার মতো কাজে শামিল হব না। এ জন্যই বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারের নোটিসে আমি সাড়া দিইনি।’ 

শুধু এখানেই থেমে থাকেননি তিনি। আরও গুরুতর অভিযোগ তুলে বলেন, ‘ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড ডিরেক্টরদের প্রভাবিত করছেন- লোভ দেখানো কিংবা ভয় দেখিয়ে পদত্যাগ করানোর অভিযোগও আছে।’ পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের লবিং নিয়েও বিস্ফোরক দাবি করেন তিনি। এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘অবৈধভাবে বোর্ড ভাঙার প্রক্রিয়ায় আইসিসি যেন কোনো ব্যবস্থা না নেয়, তা নিশ্চিত করার লক্ষ্যে একজন স্বনামধন্য ক্রিকেটার লবিংয়ে ব্যস্ত। এর অংশ হিসেবে সম্প্রতি তিনি সাবেক বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করেন। সেখানে তিনি আইসিসি প্রেসিডেন্ট জয় শাহের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করে দিতে অনুরোধ জানান।’ 

তিনি আরও যোগ করেন, ‘এর আগেও বিসিবি নির্বাচনের সময় তার বিরাট কোহলির মাধ্যমে জয় শাহকে রিচ করার চেষ্টার বিষয়ে বলেছিলাম। আইসিসি থেকে সম্ভাব্য আর্থিক নিষেধাজ্ঞা বা অন্য কোনো ব্যবস্থা এড়াতেই এসব লবিংয়ের চেষ্টা করা হচ্ছে।’ এখন যেটি দাঁড়িয়েছে, তদন্ত প্রতিবেদন জমা পড়ার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বদলে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বিসিবি নির্বাচন ইস্যু। অভিযোগ, পাল্টা অভিযোগ এবং রাজনৈতিক ইঙ্গিতের ভিড়ে এখন প্রশ্ন একটাই- এ প্রতিবেদনের ভিত্তিতে ক্রীড়া মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নেয়, আর তা বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে কী ধরনের পরিবর্তন নিয়ে আসে।

সময়ের আলো/আআ


  বিষয়:   আসিফম  মাহমুদ  অভিযোগ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: