অনেকের দৃষ্টিতে ইসলাম একটি ধর্মমাত্র; যার পরিসর মসজিদ, নামাজ, রোজা বা কিছু নির্দিষ্ট আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ। এই দৃষ্টিভঙ্গি মূলত ইসলামের সামগ্রিক দর্শন সম্পর্কে অজ্ঞতা থেকেই আসা।
প্রকৃতপক্ষে ইসলাম মানুষের জীবনে স্রষ্টার সঙ্গে সম্পর্ক স্থাপনের পাশাপাশি মানুষে-মানুষে সম্পর্ক, ব্যক্তি ও সমাজ, নৈতিকতা ও আইন, আত্মা ও দেহ এবং পার্থিব বাস্তবতা ও আখেরাতকে এক সুসংহত কাঠামোর ভেতরে এনে দেয়। তাই ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান; পৃথিবীর চাহিদা, মানব প্রকৃতি ও সভ্যতার ধারাবাহিক বিকাশের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।
ব্যক্তি মানুষের জীবনই সামাজিক ও নৈতিক আচরণের উৎস; তাই ইসলাম শুরুতেই মানুষের মন, নিয়ত ও উদ্দেশ্যের শুদ্ধতার ওপর গুরুত্ব আরোপ করে। মানুষ কোন পথে চলবে, কীভাবে পথ বেছে নেবে ও কোন নৈতিক মানদণ্ডে কাজ করবে- সে বিষয়ে ইসলামের নির্দেশনা স্পষ্ট ও সুসংগঠিত। নিয়ত বা উদ্দেশ্যকে কেন্দ্র করে ইসলামের নৈতিক দর্শন গড়ে উঠেছে।
মনোবিজ্ঞানের মতে, মানসিক সুস্থতার অন্যতম শর্ত জীবনের অর্থ ও উদ্দেশ্য খুঁজে পাওয়া। ইসলাম এই শূন্যতাকে পূরণ করে এই বলে যে, জীবনের লক্ষ্য ন্যায়, দায়িত্ব ও সৃষ্টিকর্তার সন্তুষ্টি অনুসরণ করা; এতে মানুষ হতাশা, অর্থহীনতা ও আত্মবিনাশী প্রবণতা থেকে দূরে থাকে।
ইসলামের অনুশাসনগুলোকে অনেকেই আধ্যাত্মিক কার্যক্রম মনে করেন, কিন্তু এগুলো দৈনন্দিন কর্মকাণ্ডের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। নিয়মিত নামাজ মানুষকে সময়ানুবর্তিতা শেখায়, দৈনন্দিন জীবনে শৃঙ্খলা আনে এবং বারবার নিজের কাজ ও অবস্থান নিয়ে আত্মসমালোচনার সুযোগ দেয়। দিনে পাঁচবার থেমে নিজের সীমাবদ্ধতা ও দায়িত্ব খতিয়ে দেখা আধুনিক ভাষায় ‘মাইন্ডফুলনেস’ চর্চার মতো ফলপ্রসূ কাজ।
রোজা উপবাসের পাশাপাশি আত্মসংযম, সহানুভূতি ও শারীরিক নিয়ন্ত্রণের শিক্ষা দেয়। আজকের পৃথিবীতে অতিভোজন, আসক্তি ও ভোগবাদ মানুষের সুস্থতা ও মানসিক শান্তি নষ্ট করছে; রোজা এখানে মানুষকে সংযমী জীবনযাপনে প্রেরণা দেয়। দান ও জাকাত সওয়াবের বাইরে সমাজে অর্থনৈতিক ভারসাম্য ও সামাজিক দায়বদ্ধতা প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ মাধ্যম।
ইসলাম শরীরকে অবহেলার বস্তু মনে করে না, বরং স্রষ্টা প্রদত্ত আমানত হিসেবে বিবেচনা করে। পরিচ্ছন্নতা, পরিমিত আহার, নেশা ত্যাগ, বিশ্রাম ও পরিশ্রমের ভারসাম্য ইসলামি জীবনবিধানের অংশ। আজকের চিকিৎসাবিজ্ঞান যেসব স্বাস্থ্যকর জীবনধারা প্রবর্তন করছে, ইসলামের নির্দেশনা সেগুলোর সঙ্গে অবিশ্বাস্যভাবে সামঞ্জস্যপূর্ণ। ওজু ও পরিষ্কার-পরিচ্ছন্নতার চর্চা এবং ভোগসংযম মানুষের শরীর ও মনকে স্বাস্থ্যবান ও প্রশান্ত রাখে। ইসলাম মানুষকে শেখায় এমন জীবনযাপন যা শরীর ও মনের যত্ন নিশ্চিত করে এবং স্বার্থপর অহংকৃত ভোগে হারিয়ে না যেতে সাহায্য করে।
পরিবারই সমাজের ভিত্তি। পারিবারিক জীবন ইসলামে বিশেষ গুরুত্ব পায়। ইসলাম পরিবারকে রক্ত-সম্পর্কের সীমায় আবদ্ধ রাখে না; দায়িত্ব, ভালোবাসা ও ন্যায়ের সমন্বিত কাঠামো হিসেবে দেখে। ইসলাম স্বামী-স্ত্রীর সম্পর্ককে কর্তৃত্ব বা দাসত্বের মধ্যে সীমাবদ্ধ করেনি; পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে স্বামী-স্ত্রীর সম্পর্ককে প্রতিষ্ঠিত করেছে। সন্তানদের লালন-পালনে মমতা ও নৈতিক শিক্ষার ওপর জোর দিয়েছে।
বয়স্কদের সম্মান, আত্মীয়তার বন্ধন রক্ষা এবং পারিবারিক দায়িত্ব এড়িয়ে না যাওয়ার শিক্ষা ইসলামের সামাজিক দর্শনের গুরুত্বপূর্ণ অংশ। আজকাল পরিবার ভাঙছে, একাকিত্ব বাড়ছে এবং পারিবারিক সম্পর্কের দুর্বলতার ফলে সমাজে অসংহতি ও মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে; এই পরিস্থিতিতে ইসলামের পারিবারিক দর্শন মানুষকে দায়িত্ব, সম্মান ও সহযোগিতার ভিত্তিতে পরিবার গড়ে তোলার শিক্ষা দেয়, যা সমাজকে সুসংহত ও স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নারী সম্পর্কে ইসলামের অবস্থান নিয়েও বহু ভুল ধারণা প্রচলিত আছে। ইতিহাস সাক্ষী, ইসলাম নারীর শিক্ষা, সম্পত্তির অধিকার, সম্মান ও ব্যক্তিসত্তাকে স্বীকৃতি যখন দিয়েছে তখন বিশ্বের বহু সভ্যতায় নারীরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল।
ইসলাম নারীর ওপর দায়িত্ব চাপানোর পাশাপাশি তার অধিকারও নির্দিষ্ট করেছে। নারীকে পণ্য বা ভোগের বস্তু হিসেবে দেখেনি, দেখেছে সমাজের পূর্ণাঙ্গ ও মর্যাদাসম্পন্ন সদস্য হিসেবে। বর্তমান সময়ে নারীর স্বাধীনতা নিয়ে যে আলোচনা হয়, ইসলাম সেই স্বাধীনতাকে নৈতিকতা ও সামাজিক দায়িত্বের সঙ্গে যুক্ত করে যাতে স্বাধীনতা ধ্বংসাত্মক না হয়ে কল্যাণমুখী হয়।
অর্থনীতি ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ দিক, যা আধ্যাত্মিকতার গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত। ইসলাম সম্পদ উপার্জনকে সীমিত করেনি, বৈধ পথে অর্থ উপার্জনকে সমর্থন করে। একই সঙ্গে সম্পদের অপব্যবহার, সুদভিত্তিক শোষণ ও একচেটিয়া পুঁজিবাদকে নিরুৎসাহিত করে। জাকাত, সদকা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে সম্পদের সঞ্চালন নিশ্চিত করার নির্দেশ ইসলামের অর্থনৈতিক দর্শনের মূল।
আধুনিক অর্থনীতিতে আয়-বৈষম্য, দারিদ্র্য ও সামাজিক অস্থিরতা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইসলামি অর্থনীতিতে সম্পদ সমাজে সঞ্চালিত হয়, অল্প মানুষের মধ্যে কেন্দ্রীভূত হয় না; ফলে সামাজিক ভারসাম্য বজায় থাকে। ন্যায়বিচার ইসলামের কেন্দ্রীয় মূল্যবোধ। ইসলাম ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রে ন্যায়ের ওপর গুরুত্ব আরোপ করে; ন্যায় সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। ক্ষমতা, পদ বা সম্পর্কের কারণে অন্যায়কে বৈধ করা ইসলামে গ্রহণযোগ্য নয়। আজকাল আইন ও ন্যায়বিচার ক্ষমতার সুবিধার জন্য প্রয়োগ হয়; ইসলামের ন্যায়বোধ মানুষকে শেখায়, ন্যায় হলো নৈতিক দায়িত্ব।
রাষ্ট্র ও শাসনব্যবস্থার ক্ষেত্রেও ইসলাম আদর্শিক দিকনির্দেশনা দেয়। নেতৃত্বকে এখানে আমানত (বিশ্বস্ততা ও আস্থা) হিসেবে দেখা হয়। শাসকের দায়িত্ব জনগণের কল্যাণ নিশ্চিত করা, দুর্বলদের অধিকার রক্ষা করা এবং ক্ষমতার জবাবদিহি স্বীকার করা। নবী মুহাম্মদ (সা.) ও তাঁর পরবর্তী ন্যায়পরায়ণ শাসকদের জীবন এই দর্শনের বাস্তব উদাহরণ। তারা সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন, সমালোচনা গ্রহণ করেছেন; আইনের ঊর্ধ্বে নিজেদের স্থান দেননি। আধুনিক রাজনৈতিক তত্ত্বে যে ‘এথিক্যাল গভর্ন্যান্স’ বা নৈতিক শাসনের কথা বলা হয়, ইসলামের শাসনদর্শন তার সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ।
ইসলাম আন্তর্জাতিক সম্পর্ক ও সহাবস্থানের ক্ষেত্রেও একটি স্পষ্ট অবস্থান নেয়। যুদ্ধকে মানবিক সীমার মধ্যে বেঁধে দেয় এবং শান্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। নিরীহ মানুষের ক্ষতি, প্রতিশোধ পরায়ণতা বা অমানবিক আচরণ ইসলামি নীতির পরিপন্থী। ভিন্ন ধর্ম, সংস্কৃতি ও জাতিগোষ্ঠীর মানুষের সঙ্গে ন্যায় ও সহানুভূতির ভিত্তিতে সহাবস্থান করার নির্দেশ ইসলামে স্পষ্টভাবে পাওয়া যায়।
বহু জাতি ও ধর্মের মানুষ ইসলামি শাসনের অধীনে তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় বজায় রেখে বসবাস করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইসলাম মানুষকে বাহ্যিক আচরণের পাশাপাশি অন্তরের পরিশুদ্ধতার দিকেও আহ্বান জানায়। অহংকার, হিংসা, লোভ ও বিদ্বেষকে আত্মিক রোগ হিসেবে চিহ্নিত করে সেগুলো থেকে মুক্তির পথ দেখায়। আধুনিক মনোবিজ্ঞান আজ যে বিষয়গুলো (যেমন আত্মনিয়ন্ত্রণ, সহমর্মিতা, কৃতজ্ঞতা ও নৈতিক চরিত্র ইত্যাদি) নিয়ে কাজ করছে, ইসলাম সেগুলোকে বহু আগেই মানব উন্নয়নের ভিত্তি হিসেবে চিহ্নিত করেছে।
ইসলাম কল্পলোকের কোনো দর্শন কিংবা দূরবর্তী বিমূর্ত তত্ত্বও নয়, মানুষের দৈনন্দিন সমস্যার জন্যই এর নির্দেশনাগুলো গঠিত। এই জীবনবিধান অনুসরণের মাধ্যমে ব্যক্তি নিজের ভেতরে শৃঙ্খলা, শান্তি ও দায়িত্ববোধের সন্ধান পায়; পরিবারে আসে স্থিতি, সমাজে প্রতিষ্ঠিত হয় ন্যায়, রাষ্ট্র পায় নৈতিক দিকনির্দেশনা এবং বিশ্ব লাভ করে সহাবস্থানের মানবিক দর্শন। ইসলামকে ধর্মের গণ্ডিতে আবদ্ধ করলে তার বিশাল দর্শন সংকুচিত হয়। জীবনবিধান হিসেবে মূল্যায়ন করলে স্পষ্ট হয়, ইসলাম মানুষের আত্মিক জগৎ, সামাজিক কাঠামো ও সভ্যতার বিকাশের জন্য একটি সমন্বিত ও কল্যাণকামী পথনির্দেশ।
এই কারণেই ইসলামকে বোঝার জন্য উপাসনালয়ের পাশাপাশি মানুষের জীবন, আচরণ, সম্পর্ক ও নৈতিক সিদ্ধান্তের দিকে দৃষ্টি দিতে হয়। ইসলাম মানুষের জীবন থেকে বিচ্ছিন্ন কোনো আদর্শ নয়, দৈনন্দিন বাস্তবতার মধ্যেই গভীরভাবে প্রোথিত একটি পূর্ণাঙ্গ জীবনদর্শন হচ্ছে ইসলাম।
লেখক : প্রাবন্ধিক, আসাম, ভারত
সময়ের আলো/কেএইচও