প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১০:১৬ এএম আপডেট: ১১.০৪.২০২৬ ১০:১৬ এএম
সংগৃহীত ছবি লেবাননে ইসরায়েলি হামলায় রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর ১৩ সদস্য নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ অঞ্চলের নাবাতিয়েহ শহরে এ ঘটনা ঘটে। শুক্রবার (১০ এপ্রিল) দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে বলেছেন, যুদ্ধবিরতি কার্যকর হলেই কেবলমাত্র আগামী সপ্তাহে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেবে লেবানন।
এদিকে বৈঠকের দিন ও সময় এখনো নির্ধারণ করা হয়নি। লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা একেবারে নজিরবিহীন নয়, তবে তা খুবই বিরল। সাধারণত দুই দেশ যুক্তরাষ্ট্রের মতো মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ করে থাকে।
২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর থেকেই আলোচনার উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছিল, যেখানে এর আগে যুক্তরাষ্ট্রের দূতরা উভয় পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা পরিচালনা করেছেন।
সাময়িক যুদ্ধবিরতিতে ইরানে হামলা বন্ধ করলেও লেবাননে অভিযান চালিয়েই যাচ্ছে ইসরায়েল। ইরান এটাকে ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বলে দাবি করলেও ইসরায়েল বলছে, লেবানন যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয়।
সময়ের আলো/আআ