নাটোরের বড়াইগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে আপন নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই শ্যালিকা ৩ মাসের অন্তঃসত্ত্বা।
শনিবার (১১ এপ্রিল) রাতে অভিযুক্ত ওই ছাত্রদল নেতা ইকবাল হোসেন ও অপরাধের সঙ্গে জড়িত তার ছোটোভাই কথিত সাংবাদিক মাহবুব হোসেনকে গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল নেতার স্ত্রী ফারজানা আক্তার অপি। এ সময় ছাত্রদল নেতার শ্বশুর ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ছাত্রদল নেতা ইকবাল হোসেনের স্ত্রী সংবাদ সম্মেলনে জানান, বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার গুরুমশৈল মহল্লার ফারুক হোসাইনের ছেলে ইলেকট্রিক মিস্ত্রি ও বর্তমানে পৌর ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনের সঙ্গে ২০১৭ সালের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ৫ বছরের ছেলে সন্তান রয়েছে।
বছর খানেক ধরে দেখে আসছি ইকবাল কোনো কারণ ছাড়াই মাঝেমধ্যে আমার বাবার বাড়ি আসা যাওয়া করতেন। পরে জানতে পারি আমার ১৬ বছর বয়সী নাবালিকা ছোট বোনকে ফুসলিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছেন।
ঘটনা জানার পর ইকবালকে বিভিন্নভাবে বোঝানো হয়েছে। গত জানুয়ারি মাসের ১০ তারিখে ইকবাল রাজনৈতিক কাজে বাড়ি ফিরতে দেরি হবে জানিয়ে রাত ১১টার দিকে আমার বাবার বাড়িতে আসে এবং বোনকে ফুসলিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। গত সপ্তাহে বোন অসুস্থ হয়ে পড়লে জানতে পারি সে তার দুলাভাই দ্বারা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।
এরপর গত ৩ এপ্রিল থেকে আকস্মিক নিখোঁজ হয় ছোটোবোন। এ ব্যাপারে থানায় জিডি করার পর গত শুক্রবার বিকেলে পুলিশ তাকে উদ্ধার করে বাবার জিম্মায় দেয়। রাত সাড়ে ৮টার দিকে ইকবাল ও তার ছোটোভাই মাহবুব এসে জোরপূর্বক বোনকে তুলে নিয়ে যাওয়ার সময় বাবা-মার ডাক চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়ে বোনকে উদ্ধার করে।
এ সময় ইকবাল ও তার ভাই মাহবুব গণপিটুনির শিকার হয়ে আহত হয়। এ রকম খারাপ পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী স্বামী ও স্বামীর ছোটোভাইয়ের বিচার ও শাস্তি দাবি করেন ইকবালের স্ত্রী ফারজানা আক্তার অপি।
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতার শ্বশুর ওসমান আলী বলেন, আমি আমার দুই মেয়ের ভবিষ্যৎ নষ্ট করা দুশ্চরিত্র, লম্পট, ধর্ষক ইকবাল ও তার ভাই মাহবুবের উপযুক্ত সাজা চাই।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম জানান, অপহরণ ও ধর্ষণের অভিযোগে বাদী ওসমান আলী করেছেন। পুলিশ এ ব্যাপারে তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
অপরদিকে অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় বনপাড়া পৌর ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক পদ ও সদস্য থেকে বহিষ্কার করা হয়েছে ইকবাল হোসেনকে। রোববার বেলা ১১টার দিকে জেলা ছাত্রদলের দফতর সম্পাদক আসিফ ইকবাল নতুনের স্বাক্ষরিত পত্রে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।
সময়ের আলো/জোই