ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুই জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, টেকেরহাট থেকে ভাঙ্গাগামী একটি বাঙ্গি ভর্তি পিকআপ ভ্যানের সঙ্গে ফরিদপুর থেকে মাদারীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা শাহফরিদ পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় বাসটি সড়কের পাশে প্রায় ৪০ ফুট নিচে খাদে উল্টে পড়ে যায়। একই সঙ্গে পিকআপ ভ্যানটিও দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত উদ্ধারে এগিয়ে আসেন।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত নিকটস্থ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাদের মধ্যে ১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা একজন ব্যবসায়ীর মৃত্যু হয়। নিহতের নাম মো. জাহাঙ্গীর মোল্লা (৪২)। তিনি ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী এলাকার সেকেন্দার মোল্লার ছেলে এবং পেশায় একজন ফল ব্যবসায়ী ছিলেন। আর একজন হল মো. আলমগির শেখ (৪৮) সে ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী গ্রামের নাসিরুদ্দিন শেখের ছেলে এবং সে পেশায় একজন ফল ব্যবসায়ী।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনায় একজন নিহত এবং বহু যাত্রী আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে এবং বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী তথ্য জানানো হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
সময়ের আলো/জোই