আসন্ন প্রাথমিক বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে মাঠপর্যায়ে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। বিশেষ করে উত্তরপত্র ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বা ঝুঁকি এড়াতে ধাপে ধাপে স্পষ্ট করণীয় নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা চলাকালীন প্রতিদিনের উত্তরপত্র পরীক্ষা শেষে সরাসরি সংশ্লিষ্ট থানায় নিরাপত্তার সঙ্গে সংরক্ষণ করতে হবে। পরে নির্ধারিত সময়সূচি অনুসরণ করে উপজেলা থেকে জেলা পর্যায়ে সেগুলো পাঠাতে হবে।
অধিদফতর জানিয়েছে, দেশের ৬১ জেলায় আগামী ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে তিন পার্বত্য জেলা- রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।
আরও পড়ুন
পরীক্ষা শেষে চারটি বিষয়ের উত্তরপত্র একত্রে উপজেলা থেকে জেলায় পাঠাতে হবে। এ প্রক্রিয়া ৬১ জেলার ক্ষেত্রে ১৯ এপ্রিলের মধ্যে এবং পার্বত্য জেলাগুলোর ক্ষেত্রে ২১ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে হবে। এই দায়িত্বে থাকবেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।
এছাড়া উত্তরপত্র মূল্যায়নের স্বচ্ছতা বজায় রাখতে এক জেলার খাতা অন্য জেলায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগীয় পর্যায় থেকে ১৮ এপ্রিলের মধ্যে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করতে বলা হয়েছে। এরপর ৬১ জেলার উত্তরপত্র ২০ এপ্রিলের মধ্যে এবং পার্বত্য জেলার উত্তরপত্র ২২ এপ্রিলের মধ্যে নির্ধারিত গন্তব্যে পাঠাতে হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, ইংরেজি ভার্সনের উত্তরপত্র আলাদা প্যাকেটে সংরক্ষণ করতে হবে এবং পুরো প্রক্রিয়া নির্ধারিত নীতিমালা মেনে সম্পন্ন করতে হবে।
এএডি/