ভারতের শিল্প খাতে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে ছত্তিশগড়ের একটি মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে। ছত্তিশগড় রাজ্যের শক্তি জেলার একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
স্থানীয় সূত্র অনুযায়ী, সিংঘিতরাই এলাকার একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হঠাৎ করেই একটি বয়লার টিউবে বিস্ফোরণ ঘটে। এই কেন্দ্রটি পরিচালনা করে বেদান্ত লিমিটেড। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে এবং স্থাপনার একটি অংশ ধসে পড়ে, ফলে অনেক শ্রমিক ঘটনাস্থলেই আটকা পড়েন।
দুর্ঘটনার পরপরই প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।
তবে এখনো আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই সময় বিদ্যুৎকেন্দ্রটির বয়লার ইউনিটে কাজ করছিলেন সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের শ্রমিকরা। পুরো ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তার ঘোষণা দেন, নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি
এছাড়া ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল, ভারী শিল্পকারখানায় নিরাপত্তা মানদণ্ড যথাযথভাবে মানা হচ্ছে কি না তা নিয়মিত পর্যবেক্ষণ জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, এমন দুর্ঘটনা এড়াতে প্রযুক্তিগত তদারকি ও শ্রমিকদের সুরক্ষা ব্যবস্থায় আরও জোর দেওয়া প্রয়োজন।
এএডি/