রাজধানীর বনানীর একটি ১১ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টা ১৫ মিনিটের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এর আগে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর ১২ নম্বর রোডের ৪২ নম্বর বাড়িতে একটি কাপড়ের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ১৫ মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর একে একে ফায়ার সার্ভিসের আরও ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, বারিধারা ফায়ার স্টেশন থেকে ৩টি ইউনিট, কুর্মিটোলা ও তেজগাঁও ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ৮টা ১৫ মিনিটের দিকে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে আরও কিছু সময় লাগবে।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর পর ভবনের ৯ ও ১০ তলায় আগুন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৯ তলা থেকেই আগুনের সূত্রপাত। সেখানে বুটিক্সের কাপড়ের মালামাল ছিল।
অগ্নিকাণ্ডে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য নেই। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির বিষয়ে জানানো হবে।
এফআর